বান্দরবানের লামার দুর্গম পাহাড়ি এলাকা খালকুইল্যা পাড়ার ঝিরিতে এক হাতির মরদেহ পাওয়া গেছে। এই নিয়ে উপজেলায় মাত্র ৭ মাসে ৪টি হাতির অস্বাভাবিক মৃত্যু হলো। মৃত পুরুষ হাতিটির বয়স আনুমানিক ১২ বছর হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
শনিবার (১৩ জুন) সকালে হাতিটিকে ঝিরিতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তারা ইউপি সদস্য আবদুর রহিম ও বন বিভাগ কর্তৃপক্ষকে খবর দেন। খবর পেয়ে ডুলহাজারা সাফারি পার্কের ডা. মোস্তাফিজুর রহমান ও লামা বন বিভাগের সদর রেঞ্জ কর্মকর্তা নূরে আলম হাফিজসহ একটি দল ঘটনাস্থলে দিয়ে হাতিটির বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
পারাপারের সময় কাঁটাতারের বেড়া কিংবা পাহাড় থেকে পড়ে আহত হয়ে হাতিটির মৃত্যু হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান লামা সদর রেঞ্জ কর্মকর্তা নূরে আলম হাফিজ।
তবে স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আবদুর রহিম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে বন্য হাতিটির মৃত্যু হয়েছে। বন্যহাতির মৃত্যুতে লামা বিভাগীয় বন কর্মকর্তা এস এম কায়চার বলেন, ময়নাতদন্তের জন্য হাতিটির নমুনা সংগ্রহ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে নিশ্চিত জানা যাবে কী কারণে হাতিটি মারা গেছে।
বার্তাবাজার/এসজে