সাবেক স্বাস্থ্যমন্ত্রী, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদ সদস্য মোহাম্মদ নাসিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেফমুবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. সৈয়দ সামসুদ্দিন আহমেদ।
শনিবার (১৩ জুন ২০২০) এক শোক বার্তায় উপাচার্য বলেন, মোহাম্মদ নাসিম সকল ঘাত-প্রতিঘাত উপেক্ষা করে দেশে মুক্তিযুদ্ধের আদর্শ ও অসাম্প্রদায়িক চেতনা প্রতিষ্ঠায় অনন্য অবদান রেখেছেন। তিনি ছিলেন একজন গণমানুষের নেতা।
‘বর্তমান সঙ্কটের সময় তাঁর পরপারে চলে যাওয়ায় বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়। দেশও একজন বিশিষ্ট রাজনীতিবিদকে হারালো।’
জাতীয় চার নেতার অন্যতম শহীদ ক্যাপ্টেন (অব.) এম মনসুর আলীর সুযোগ্য পুত্র মোহাম্মদ নাসিম এদেশের রাজনীতিতে যে অবদান রেখেছেন তা বাঙালি জাতি চিরদিন স্মরণ রাখবে বলে উল্লেখ করেন উপাচার্য।
ড. সামসুদ্দিন আহমেদ শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, শনিবার (১৩ জুন) বেসরকারি হাসপাতাল বাংলাদেশ স্পেশালাইজড হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য, ১৪ দলের মুখপাত্র ও সাবেক স্বরাষ্ট্র ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম মারা যান। তার ছেলে তানভীর শাকিল জয় গণমাধ্যমকে এই তথ্য জানান। গত কয়েকদিন ধরে তার অবস্থা সংকটাপন্ন ছিলো এবং গত ৫ জুন থেকে তিনি কোমায় ছিলেন।
বার্তা বাজার / ডাব্লিও.ডি