টঙ্গীবাড়ীতে পদ্মা নদী ভাঙ্গন রোধে বাঁধ নির্মাণ কাজের উদ্বোধন

টঙ্গিবাড়ী উপজেলার হাইয়ারপার অঞ্চলের পদ্মা নদী ভাঙ্গন রোধে ৯০ মিটার বাধ নির্মাণ কাজ উদ্বোধন করা হয়েছে।

শনিবার বিকালে পানি উন্নায়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিএম রশিদুল কবির এ কাজের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি জগলুল হালদার ভুতূ, পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ মাহমুদুল হাসান, দিঘিরপাড় ইউপি চেয়ারম্যান আরিফুল ইসলাম, মিজান খান প্রমূখ।

এ বছর বর্ষার শুরুতেই টঙ্গীবাড়ী উপজেলার পদ্মা নদীর ৬ কিলোমিটার এলাকজুড়ে ভাঙ্গন দেখা দিয়েছে। এতে মুন্সীগঞ্জের অন্যতম বৃহৎ দিঘীরপাড় বাজারটি হুমকির মুখে পরেছে। ইতিমধ্যে ওই বাজারের মোস্তফা খা, ইব্রাহিম খার স’মিলের সামনের অংশে ভাঙ্গন দেখা দিয়েছে।

তাই বাজার ও আশেপাশের এলাকা রক্ষায় টঙ্গীবাড়ী উপজেলা চেয়ারম্যান জগলুল হালদার ভুতূর সার্বিক সহযোগীতায় জরুরী প্রতিরক্ষামূলক বাধ নির্মাণ করছে পানি উন্নায়ন বোর্ড।

এ ব্যাপারে টঙ্গীবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান জগলুল হালদার ভূতু বলেন, নদী ভাঙ্গনে ঐতিহ্যবাহী দিঘিরপার বাজারটি হুমকির মুখে পড়ায় জরুরী ভিত্তিতে নদীতে জিএ ব্যাগ ফেলে বাধ নির্মাণ করা হচ্ছে। পানি উন্নয়ন বোর্ডের বরাদ্ধ না থাকায় আপাতত ৯০ মিটার কাজ বাস্তবায়ন করছে তারা। আমি এর আগেও আমার টাকা দিয়ে বাজার রক্ষায় বাধ নির্মাণ করেছি এখনো আরো বাঁধ বাজার রক্ষায় আমি নির্মাণ করবো। তাছাড়া এই অঞ্চলে ১ হাজার মিটার একটি স্থায়ী বাধ নির্মানের পরিকল্পনা সরকারের বাস্তবায়নে আছে।

পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী বিএম রশিদুল কবির বলেন, ভাঙ্গন রোধে বর্তমানে ৯০ মিটার জরুরি প্রতিরক্ষামূলক বাধের কাজ হাতে নিয়েছি। এ অঞ্চলে স্থায়ী বাঁধ নির্মাণের ব্যাপারে পরিকল্পনা রয়েছে। ১ হাজার মিটার একটি স্থায়ী বাঁধ নির্মাণের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার / ডাব্লিও.ডি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর