কলারোয়ায় আরও এক জনের করোনা শনাক্ত, মোট আক্রান্ত ১০

সাতক্ষীরার কলারোয়ায় আবারো ১ ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। শনিবার তার করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। আর এনিয়ে এই পর্যন্ত উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১০ জনে।

নতুন করে শনাক্ত হওয়া ব্যক্তি উপজেলার ৪নং লাঙ্গলঝাড়া ইউনিয়নের মাহমুদপুর গ্রামের মৃত আব্দুর রশিদের পুত্র মাহবুবুর রহমান রাজু (৪১)। তিনি পরিবারসহ কলারোয়া থানার পার্শ্ববর্তী পৌরসভাধীন গদখালী গ্রামে আলহাজ আরাফাত হোসেনের মালিকানাধীন ভবনের একটি ফ্ল্যাটের ভাড়া বাসায় থাকতেন।

শনিবার আক্রান্ত ব্যক্তির কলারোয়া পৌরসভাধীন ওই ভাড়া বাড়ি লকডাউন করা হয়েছে বলে নিশ্চিত করেছেন কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আলহাজ শেখ মুনীর-উল-গীয়াস।

তিনি জানান, ‘করোনা শনাক্ত ওই ব্যক্তিকে তার পরিবারসহ সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের তত্ত্বাবধানে সাতক্ষীরায় নেয়া হয়েছে। সেখানে তাদেরকে আইসোলেশনে রাখার ব্যবস্থা করা হয়েছে।’

কলারোয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচ এন্ড এফপিও) ডাক্তার জিয়াউর রহমান বলেন, ‘গত ৯ জুন ওই ব্যক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়। ১৩জুন শনিবার রিপোর্টে তার করোনা পজিটিভ এসেছে। ওই ব্যক্তি ঢাকা থেকে সম্প্রতি বাড়িতে আসার পর নমুনা দিয়েছিলেন।’

সুস্পষ্ট তথ্য দিয়ে ডাক্তার জিয়া বলেন, ‘এ পর্যন্ত উপজেলায় মোট ৩৫৯ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়। রিপোর্ট পেয়েছি ২৭৯ জনের। এর মধ্যে ৯জনের করোনা পজিটিভ রিপোর্ট, বাকিগুলো নেগেটিভ। আর জালালাবাদ ইউনিয়নের সিংহলাল-বাটরা গ্রামের করোনা শনাক্ত যুবক নারায়ণগঞ্জে নমুনা দিয়েছিলেন, পরবর্তীতে তার রিপোর্ট আমাদের কাছে এসেছে। সবমিলিয়ে এখন পর্যন্ত কলারোয়া উপজেলায় ১০জন করোনা শনাক্ত ব্যক্তি। সকলেই বাহ্যিক ভাবে সুস্থ থাকায় ও তাদের ইচ্ছানুযায়ী তারা নিজেদের বাড়িতে অবস্থান করে চিকিৎসাসেবা নিচ্ছেন।’

এই পরিস্থিতিতে করোনামুক্তির পথে থাকার সুসংবাদ দিয়ে ইউএইচ এন্ড এফপিও ডাক্তার জিয়াউর রহমান আরো বলেন, ‘চন্দনপুর ইউনিয়নে শনাক্ত ৬ জনের ১ম দফার ফলোআপ রিপোর্ট সবার নেগেটিভ এসেছে। আর উপজেলার প্রথম শনাক্ত ওই ইউনিয়নের দাড়কি গ্রামের মাজেদুল ইসলাম ও তার স্ত্রী মিমের ২য় দফার ফলোআপ নমুনা সংগ্রহ করে সম্প্রতি পরীক্ষার জন্য ল্যাবে পাঠানো হয়েছে। বাকিদের আগামিকাল ২য় দফার ফলোআপ নমুনা সংগ্রহ করা হবে।’

উল্লেখ্য, ১৩জুন শনিবার পর্যন্ত কলারোয়ার চন্দনপুর ইউনিয়নে ৬জন, জালালাবাদ ইউনিয়নে ১জন, দেয়াড়া ইউনিয়নে ২জন ও সর্বশেষ লাঙ্গলঝাড়া ইউনিয়নে নতুন করে ১জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন।
আশার কথা হলো শনাক্ত হওয়া সকলে বাহ্যিক ভাবে সুস্থ আছেন।

এদিকে, উপজেলার একাধিক ইউনিয়নে করোনা পজিটিভের খবরে এলাকায় উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর