ঢাকা মহানগর উত্তর বিএনপির সাধারণ সম্পাদক আহসান উল্লাহ হাসানসহ করোনা মহামারিতে এখন পর্যন্ত বিএনপির ৫৬ জন নেতাকর্মীর মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আক্রান্ত হয়েছেন আরও ১২১ জন।
শনিবার(১৩ জুন) সকালে উত্তরার বাসা থেকে এক ভার্চুয়াল ব্রিফিংয়ে এ কথা জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বিএনপি গঠিত জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের পক্ষ থেকে এ সংবাদ সম্মেলন আয়োজন করা হয়।
মির্জা ফখরুল বলেন, সারাদেশে যেসব বিএনপি নেতারা করোনায় আক্রান্ত এবং আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন তাদের মধ্যে ‘রাজশাহী বিভাগে ৫ জন নেতাকর্মী আক্রান্ত হয়েছেন, চট্টগ্রাম বিভাগে আক্রান্ত ২৬ ও মৃত্যু ১২ জন, কুমিল্লা বিভাগে আক্রান্ত ১৯ ও মৃত্যু ১৩ জন, ঢাকা বিভাগে আক্রান্ত ৪১ ও মৃত্যু ২৭ জন, ময়মনসিংহ বিভাগে আক্রান্ত ও মৃত্যু ১, খুলনা বিভাগে আক্রান্ত ৭ জন, সিলেট বিভাগে আক্রান্ত ৮ ও মৃত্যু ২, ফরিদপুর বিভাগে আক্রান্ত ১৪ ও মৃত্যু ১। সর্বমোট দলের আক্রান্ত নেতাকর্মীর সংখ্যা ১২১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে ৫৬ জনের।’
তিনি আরও বলেন, করোনা ভাইরাসের ভয়াবহতার মধ্যে দেশের মানুষের পাশে দাড়াঁতে বিএনপি ও অঙ্গ সংগঠন নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিএনপি চেয়ারপারসন ও ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ সেলের সার্বিক তত্ত্বাবধানে এখন পর্যন্ত ৫১ লাখ ৮১ হাজার ৩৬০ পরিবারের মধ্যে বিএনপি নেতাকর্মীরা খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন।
‘এতে সর্বমোট ২ কোটি ৭ লাখ ২৫ হাজার ৪৪০ জন মানুষ উপকৃত হয়েছেন। ঈদের আগে গরিব মানুষের বাসা-বাড়িতে ঈদ উপহার ও নগদ অর্থও পৌঁছে দেয়া হয়েছে। গত ২০ মার্চ হতে ২০ মে পর্যন্ত এসব ত্রাণ দেওয়া হয়েছে যা এখনও অব্যাহত আছে।’
বার্তাবাজার/কে.জে.পি