গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু, অন্যদিকে অভিমানে ২ জনের আত্মহত্যা

কুড়িগ্রাম জেলার উলিপুরে আম গাছ থেকে পড়ে এক বাক-প্রতিবন্ধী যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১২ জুন) দিগর মালতিবাড়ি রুপার খামার গ্রামে।

জানা গেছে, উপজেলার ধরনীবাড়ি ইউনিয়নের দিগর মালতিবাড়ি রুপার খামার গ্রামের আব্দুল মালেক লাভলুর পুত্র বাক-প্রতিবন্ধী মাসুদ মিয়া (১৯) শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে তার বাড়ির আম গাছে আম পাড়ার জন্য উঠে। এ সময় হঠাৎ করেই সে গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থা আশংঙ্খাজনক হওয়ায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে রংপুর নিয়ে যাওয়ার পথে মাসুদ মিয়ার অবস্থা সংকটাপন্ন হলে রাত আটটার দিকে তাকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহতের চাচাত ভাই রেজাউল করিম জানান, শুক্রবার বৃষ্টি হওয়ায় আম গাছ পিচ্ছিল ছিল। ওই দিন সন্ধ্যা ৬টার দিকে গাছে থাকা পাঁকা আম পাড়ার জন্য মাসুদ গাছে উঠে। এ সময় অসাবধনতার কারনে গাছ থেকে পড়ে গিয়ে গুরুত্বর আহত হন ও তার মৃত্যু ঘটে ।

অন্যদিকে, কুড়িগ্রামের উলিপুরে দশম শ্রেণির এক শিক্ষার্থী ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে। ঘটনাটি ঘটেছে, শুক্রবার (১২ জুন) সন্ধ্যায় ইসলামপুর গ্রামে।

নিহতের স্বজন ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ব্রহ্মপুত্র নদবেষ্টিত ইসলামপুর গ্রামের মুক্তিযোদ্ধা জাবেদ মন্ডলের কন্যা নয়ারহাট উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেনির শিক্ষার্থী আঞ্জু খাতুন (১৫) শুক্রবার সন্ধ্যায় বাড়িতে কেউ না থাকার সুযোগে নিজ শয়ন ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন। পরে পরিবারের লোকজন বাড়িতে এসে তাকে খুঁজে না পেয়ে শয়ন ঘরের দড়জা বন্ধ দেখতে পান। পরে দড়জা ভেঙ্গে ভিতরে প্রবেশ করলে আঞ্জু খাতুনকে ঘরের আড়ার (ধরনা) সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। এ সময় তার মা জোলেখা বেগম ও পরিবারের লোকজনের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে ঘটনা দেখে ওই এলাকার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করেন। স্বজনরা জানায়, নিহত আঞ্জু খাতুন ৯ ভাই বোনের মধ্যে ৮ম ছিলেন।
এছাড়াও উপজেলার বুড়াবুড়িতে মনোরঞ্জন নামে এক যুবক স্ত্রীর সাথে অভিমান করে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে ।

উলিপুর থানার অফিসার ইনচার্জ মোয়াজ্জেম হোসেন ৩ টি ঘটনার খবর নিশ্চিত করে জানান, গাছ থেকে পড়ে যুবকের মৃত্যুর খবর পাওয়ায় ঘটনাস্থল পরিদর্শন করা হয়। এ ব্যাপারে থানায় জিডি করা হয়েছে এবং আত্মহত্যার ঘটনায় ইউডি মামলা দায়ের করা হয়েছে এবং মনোরঞ্জনের বিষয়টি খোঁজ নেয়া হয়েছে ।

বার্তা বাজার/সি.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর