জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় প্রাণঘাতি নোবেল করোনা ভাইরাস থেকে সুরক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক-নার্স, পুলিশ ও স্বেচ্ছাসেবীদের ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই), সার্জিক্যাল মাস্ক ও হ্যান্ড গ্লাপস বিতরণ করেছেন মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাউছারুল ইসলাম।
শনিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হল রুমে হাসপাতালের ডাক্তার, নার্স, সরিষাবাড়ী থানা পুলিশ, সেচ্ছাসেবী (যারা করোনা আক্রান্ত মৃত ব্যক্তির লাশ জানাযা ও দাফন করবে) তাদের মাঝে এ সুরক্ষা সামগ্রী বিতরন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, আওয়ামী লীগের সভাপতি আলহাজ ছানোয়ার হোসেন বাদশা, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, স্থানীয় সংসদ সদস্য ও তথ্য প্রতিমন্ত্রীর পক্ষে সাখাওয়াতুল আলম মুকুল, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফজলুল করিম প্রমুখ।
মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাউছারুল ইসলাম বলেন, করোনার এই যুদ্ধে সামনে থেকে বেশি সেবা দিয়ে যাচ্ছেন চিকিৎসক-নার্স ও পুলিশ বাহিনীর সদস্যসহ আরো অনেকেই। তাদের ব্যক্তিগত সুরক্ষা সবচেয়ে বেশি জরুরি। সরকারের পাশাপাশি ব্যক্তি উদ্যোগে সবাইকে এগিয়ে এসে তাদের পাশে দাঁড়াতে হবে। তাহলেই এই যুদ্ধে সবাই জয়ী হতে পারবো।
বার্তা বাজার/টি.সি