সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিমকে রবিবার (১৪ জুন) বনানী কবরস্থানে দাফন করা হবে। আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছন।
তিনি জানান, আগামীকাল রবিবার বনানী কবরস্থানে মোহাম্মদ নাসিমের দাফনের প্রস্তুতি চলছে বলে তার ছেলে তানভীর শাকিল জয় জানিয়েছেন।
মোহাম্মদ নাসিমের জানাযা আগামীকাল সাড়ে ১০ টায় বনানী কবরস্থান মসজিদের সামনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন, নাসিমের ছেলে তানভীর ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।
এর আগে, হাসপাতালে টানা ৯ দিন ধরে লাইফ সাপোর্টে থাকা নাসিমকে শনিবার বেলা ১১টার দিকে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য নাসিমের বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী ও তিন সন্তান রেখে গেছেন।
করোনা উপসর্গ নিয়ে গত ১ জুন বেসরকারি বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন নাসিম। পরে পরীক্ষায় তার শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়ে।
গত ৫ জুন সকালে তার ‘ব্রেইন স্ট্রোক’ হলে সেখানেই তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। অস্ত্রোপচারের পর নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) থাকা নাসিমের শারীরিক অবস্থার অবনতি হলে নেওয়া হয় লাইফ সাপোর্টে। পরে পরীক্ষায় তার করোনা নেগেটিভ আসে।
বার্তাবাজার/এমকে