‘রোগী ফেরত দেওয়া হাসপাতালগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার’

দেশে প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতিতে চিকিৎসাসেবা না দিয়ে যেসব বেসরকারি হাসপাতাল রোগী ফেরত দিচ্ছে সেগুলোর বিরুদ্ধে সরকার শাস্তিমূলক ব্যবস্থা নেবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।

শনিবার (১৩ জুন) থেকে প্রশাসন এ বিষয়ে মোবাইল কোর্ট শুরু করবে। প্রয়োজনে তাদের লাইসেন্সও বাতিল হবে।’ শুক্রবার বিকালে চট্টগ্রাম সার্কিট হাউজে সাইফ পাওয়ার টেকের উদ্যোগে করোনাভাইরাস মোকাবেলায় একশ অক্সিজেন সিলিন্ডার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, ‘চিকিৎসা না দিয়ে রোগীকে ফেরত পাঠানো কোনওভাবেই কাম্য নয়। যারা এই কাজটি করছেন সময়মতো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে সরকার।

তথ্যমন্ত্রী আরও বলেন, ‘শুধু চট্টগ্রামে নয়, সারাদেশ এমনকি পৃথিবী জুড়েই আইসিইউ সঙ্কট আছে। ইতালি নিউইয়র্কের মতো দেশে বহু বয়স্ক মানুষকে আইসিইউ সেবা দিতে না পারার কারণে মৃত্যুবরণ করতে হয়েছে।’

সদ্য ঘোষিত বাজেট প্রসঙ্গে মন্ত্রী জানান, ‘সব সমালোচনাকে অসার প্রমাণিত করে গত ১১ বছর ধরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাজেট বাস্তবায়িত হয়েছে। দেশ এগিয়ে গেছে। দারিদ্র্য কমে অর্ধেকে নেমেছে। মাথাপিছু আয় বেড়েছে সাড়ে তিনগুণ। জিডিপিতে পৃথিবীর অন্যতম বেশি গ্রোথ রেটের দেশে উন্নীত হয়েছে বাংলাদেশ। এবারের বাজেটও সফলভাবে বাস্তবায়িত হবে।’

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর