হাসপাতাল ঘুরে আইসিইউ না পেয়ে মারা গেলেন সদ্য ‘মা’ হওয়া তরুণী

তিন হাসপাতাল ঘুরে আইসিইউ না পেয়ে মারা গেলেন সদ্য ‘মা’ হওয়া এক তরুণী। মাত্র ১ সপ্তাহ আগে ওই তরুণী এক কন্যা সন্তান জন্ম দেন। প্রথমে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতাল, এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, সেখান থেকে একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে মৃত্যু হয় ওই তরুণীর।

শুক্রবার (১২ জুন) সকাল থেকে তিন হাসপাতাল ঘুরে আইসিইউ না পেয়ে বিকাল ৩টার দিকে মারা যান বলে স্বজনরা জানান। এ মৃত্যুর জন্য মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালকে দায়ী করেছেন মৃত উষ্ণের দুলাভাই।

মৃত ইসরাত জাহান উষ্ণ কবি নজরুল কলেজে হিসাববিজ্ঞান বিষয়ে অধ্যায়নরত ছিল। সে সোনারগাঁওয়ের বারদী ইউনিয়নের আলমদী গ্রামের ওয়াহিদ ভূইয়ার মেয়ে। মূলত শ্বাসকষ্টের কারণে তার মৃত্যু হয়। করোনায় আক্রান্তের ভয়ে হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হয়নি বলে জানিয়েছেন নিহতের স্বজনরা।

নিহত ইসরাত জাহান উষ্ণের দুলাভাই বুয়েটের সিনিয়র সহকারী লাইব্রেরীয়ান ইসমাইল হোসেন বলেন, ৬ জুন (শনিবার) সিজারের মাধ্যমে মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে একটি কন্যা সন্তান জন্ম দেন উষ্ণ। পরে ১১ জুন (বৃহস্পতিবার) তাকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়। সেখান থেকে সোনারগাঁওয়ের আলমদীর বাড়িতে গেলে শুক্রবার সকালে তার খিচুনি উঠে মুখ দিয়ে লালা বের হতে থাকে।

তিনি জানান, দ্রুত তাকে পুনরায় মাতুয়াইল শিশু মাতৃসদন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকরা তাকে আইসিইউর দোহায় দিয়ে কোন চিকিৎসা দেয়নি। সেখান থেকে উষ্ণকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল প্রেরণ করে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তার অবস্থার অবনতি হতে থাকে। ঢামেকেও আইসিইউ খা‌লি না থাকায় তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়ার পথে অ্যাম্বুলেন্সে সে মারা যায়।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর