আমিরাতে প্রবাসীদের কৃষিকাজে লাগাতে অনুরোধ করেছি : পররাষ্ট্রমন্ত্রী
মহামারি করোনাভাইরাসের কারণে আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের চাকরিচ্যুত না করে কৃষি কাজে লাগানোর জন্য অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
শুক্রবার সংযুক্ত আরব আমিরাতের প্রবাসী বাংলাদেশিদের উদ্দেশ্যে দেয়া ভিডিও বার্তায় পররাষ্ট্রমন্ত্রী বিভিন্ন বিষয়ে কথা বলেন।
এসময় আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী আব্দুল্লাহ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে ফোনালাপে প্রসঙ্গ টানেন মন্ত্রী। মন্ত্রী বলেন, করোনা মহামারির কারণে বাংলাদেশি শ্রমিকরা যেন চাকুরিচ্যুত হয়ে দেশে ফেরত না আসে সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করেছি।
তিনি (আমিরাতের পররাষ্ট্রমন্ত্রী) আমাকে জানিয়েছেন আমিরাত থেকে ভারত তাদের দুই লাখ প্রবাসীকে ফিরিয়ে নিচ্ছে। পাকিস্তানের হাজার হাজার প্রবাসীকে ফেরত পাঠানো হচ্ছে।
এসময় বাংলাদেশিদের ফেরত না পাঠানোর অনুরোধ করেছেন জনিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড.মোমেন বলেন, বাংলাদেশিদের কৃষিকাজে লাগানার প্রস্তাব দিয়েছি। বলছি, পেন্ডামিক শেষে খাদ্য উতপাদনে প্রবাসী বাংলাদেশিদের আমিরাত কাজে লাগাতে পারে। বাংলাদেশিরা যে কোন পরিস্থিতিতে নিজেদের মানিয়ে নিতে পারে, তারা খুবই পরিশ্রমী বলেও উল্লেখ করেন মন্ত্রী। বলেন, আমি বলেছি, এদের বিদায় না করে কাজে লাগান। দেখবেন এরা মরুভুমিতে সবুজায়নে কী করতে পারে।
বার্তা বাজার / ডি.এস