নাসিমের শারীরিক অবস্থার আরও অবনতি

বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থার আরো অবনতি হচ্ছে। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরের পর রক্তচাপ ব্যাপক ওঠানামা করে এবং আজ শুক্রবার হৃদযন্ত্রে জটিলতা ধরা পড়েছে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে ১২ সদস্যদের মেডিকেল বোর্ড শুক্রবার রাতে মোহাম্মদ নাসিমের অবস্থা নিয়ে বৈঠক করেছেন। সেখানে উপস্থিত একাধিক সূত্র তার শারীরিক অবস্থার অবনতির কথা জানিয়েছেন। ওই বৈঠকে মোহাম্মদ নাসিমের ছেলে তানভীর শাকিল জয়ও উপস্থিত ছিলেন।

এর আগে গত ১ জুন রক্তচাপজনিত সমস্যা নিয়ে রাজধানীর শ্যামলীস্থ বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে ভর্তি হন মোহাম্মদ নাসিম। ওই দিনই তার করোনাভাইরাস শনাক্ত হয়। এরপর ৪ জুন তার অবস্থার কিছুটা উন্নতি হলেও ৫ জুন ভোরে তিনি স্ট্রোক করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নিলেও অবস্থার অবনতি হওয়ায় এগোয়নি পরিবার। আপাতত লাইফ সাপোর্টে রেখেই চিকিৎসা চালিয়ে যাচ্ছেন চিকিৎসকেরা।

মোহাম্মদ নাসিমের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ডের প্রধান ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া গণমাধ্যমকে জানান, আওয়ামী লীগ নেতা ও সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা সংকটাপন্ন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর