নোয়াখালীতে করোনা উপসর্গে তিনজনের মৃত্যু

নোয়াখালীতে প্রাণঘাতী করোনাভাইরাসের উপসর্গ নিয়ে তিনজনের মৃত্যু হয়েছে। এরা হলেন, জেলা শহরের সাতানিপুকুর এলাকার বাসিন্দা (৫০), চাটখিলের খিলপাড়ার একজন (৭০) ও সেনবাগ উপজেলার উত্তর রাজারামপুর গ্রামের একজন (৬০)।

শুক্রবার (১২ জুন) দিনের বিভিন্ন সময় তাদের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যবিধি ও সব ধরনের নিয়ম মেনে তাদের মরদেহ দাফন করা হয়েছে।

চাটখিল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোস্তাক আহমেদ বলেন, উপজেলার খিলপাড়া ইউনিয়নের দেলিয়াই গ্রামের বাসিন্দা গৃহবধূ (৭০) গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন। শুক্রবার দুপুর ১২টার দিকে নিজ বাড়িতে মারা যান তিনি। স্থানীয়দের দেয়া তথ্যমতে ওই নারীর করোনা উপসর্গ থাকায় মেডিকেল টিম পাঠিয়ে তার শরীর থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। শনিবার নমুনা পরীক্ষার জন্য আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। রিপোর্ট আসার পর জানা যাবে তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।

এদিকে জেলা শহর মাইজদীর সাতানিপুকুর এলাকার বাসিন্দা (৫০) গত ৬-৭দিন ধরে জ্বর, শ্বাসকষ্টে ভুগছিলেন। তিনি একটি বীমা কোম্পানির ম্যানেজার হিসেবে চৌমুহনী শাখায় কর্মরত ছিলেন।

মৃতের স্বজনরা জানান, গত এক সপ্তাহ ধরে অসুস্থ থাকলেও তিনি হাসপাতাল বা কোন চিকিৎসকের কাছে না গিয়ে বাসায় ছিলেন। শুক্রবার সকালে নিজ বাসায় তিনি মৃত্যু হয়। দুপুরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত ব্যক্তির পরিবার বা স্বজনদের পক্ষ থেকে কোন খবর না পাওয়ায় তার নমুনা সংগ্রহ করা যায়নি বলে জানা তিনি।

এছাড়াও জেলার সেনবাগ উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের উত্তর রাজারামপুর গ্রামের বাসিন্দা (৬০) গত কয়েকদিন ধরে অসুস্থ থাকায় তার পরিবারের লোকজন তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ওই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি চট্টগ্রামের বারিয়ারহাটে ব্যবসা করতেন।

সেনবাগ উপজেলা ছাত্রলীগ সভাপতি ফিরোজ আলম রিগান জানান, রাতে অ্যাম্বুলেন্স যোগে মৃতের মরদেহ বাড়িতে আনলেও করোনা উপসর্গ থাকায় তার দাফনে কোনো আত্মীয় স্বজন এগিয়ে আসেনি। খবর পেয়ে উপজেলা ছাত্রলীগের সেচ্ছাসেবীদের নিয়ে মৃত ব্যবসায়ীর মরদেহ দাফনে এগিয়ে যান তিনি। রাত সাড়ে তিনটার দিকে স্বাস্থ্যবিধি মেনে তার মরদেহ দাফন করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এই মহামারিতে এমন বিপদে পড়া মানুষের পাশে সেনবাগ উপজেলা ছাত্রলীগ সব সময় থাকবে বলে জানান তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর