করোনা ইউনিটে ৪০ মিনিটে দুইজনের মৃত্যু

দেশে করোনায় আক্রান্ত রোগীর সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। তারই ধারাবাহিকতায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে ৪০ মিনিটের ব্যবধানে দুইজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (১২ জুন) রাত ৮টায় একজনের ও ৮টা ৪০ মিনিটে আরও একজনের মৃত্যু হয়। মারা যাওয়া দুই জনই পুরুষ। তাদের একজনের বয়স ৬৫ ও অপরজনের বয়স ৫০ বছর।

রাত ৮টায় মারা যাওয়া রোগীর বাড়ি পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী এলাকায়।৮টা ৪০ মিনিটে মারা যাওয়া রোগীর বাড়ি একই উপজেলার আন্দারিয়া এলাকায় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এস এম বাকির হোসেন বলেন, রাত ৮টার দিকে মারা যাওয়া ওই ব্যক্তি করোনাভাইরাসের উপসর্গ নিয়ে বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। জ্বর ও শ্বাসকষ্ট ছিল ওই রোগীর। পরে রাত ৮টার দিকে তার মৃত্যু হয়।

পরিচালক ডা. এস এম বাকির হোসেন আরও বলেন, ৮টা ৪০ মিনিটে মারা যাওয়া ওই ব্যক্তিকে তার স্বজনরা মুমূর্ষু অবস্থায় রাত সাড়ে ৮টার পর ভর্তি করেছিলেন। ওই ব্যক্তি জ্বর, সর্দি-কাশি ও শ্বাসকষ্টে আক্রান্ত ছিলেন। ভর্তির কিছুক্ষণ পর তার মৃত্যু হয়। মারা যাওয়া ওই দুজন করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা জানার জন্য নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়েছে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ থেকে ১২ জুন রাত ১১টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ৫৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন।

কে.এ.স/বার্তাবাজার

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর