ঢাকার সাভারের আশুলিয়ায় ইয়াবা ও হোরোইনসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১২ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
এ সময় আটককৃতদের নিকট থেকে ১২০ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটককৃত ওই তিন মাদক ব্যবসায়ীরা হলেন- রংপুর জেলার মিঠাপুকুর থানার শংকরপুর গ্রামের গোলাপ মিয়ার ছেলে রুবেল (২০), রংপুর জেলার গাংচড়া থানার দক্ষিণ ধলেয়া গ্রামের আনোয়ার ইসলামের ছেলে সুমন ইসলাম (১৮) এবং পটুয়াখালী জেলার সদর থানার কাঁচিছিড়া গ্রামের মৃত সুলতান হাওলাদারের ছেলে হৃদয় হোসেন (১৮)। তারা সকলেই আশুলিয়ার জিরাবো ফুলবাগান ও কাঠগড়া এলাকায় বাসা ভাড়া করে থাকতেন বলে জানায় পুলিশ।
শুক্রবার রাত ৯টার দিকে মাদক ব্যবসায়ীদের আটকের বিষয়টি নিশ্চিত করেন আশুলিয়া থানার উপ-পরিদর্শক হারুন-অর-রশিদ।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আশুলিয়ার কাঠগড়া এলাকা থেকে তিন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় তাদের নিকট হতে ১২০ পিস ইয়াবা ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
আটক মাদক ব্যবসয়ীরা দীর্ঘদিন যাবৎ আশুলিয়ার কাঠগড়াসহ আশপাশের এলাকায় মাদক সরবারহ ও বিক্রয় করে আসছিলো উল্লেখ করে তিনি আরও জানান, আটককৃতদের বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে দুইটি মামলা দায়ের করা হয়েছে।
বার্তা বাজার / ডি.এস