এবার বাংলাদেশেও খাবারের খোঁজে লোকালয়ে প্রবেশ করে এক হাতির মৃত্যু হয়েছে। অপরিকল্পিত বৈদ্যুতিক লাইনে জড়িয়ে প্রাণ হারায় নীরিহ প্রাণিটি কক্সবাজারের টেকনাফের পশ্চিম পানখালীর খণ্ডা কাটা পাহাড়ি এলাকায় একটি বৈদ্যুতিক তারের সাথে শুঁড় লেগে তার মৃত্যু হয়েছে।
শুক্রবার (১২ জুন) ভোরের দিকে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন কক্সবাজার দক্ষিণ বন বিভাগের টেকনাফ রেঞ্জ কর্মকর্তা সৈয়দ আশিক আহমদ।
বন্যপ্রাণী গবেষক শীতল কুমার নাথ জানান, আমি ঘটনাস্থলে গিয়ে ও সস্থানীয়দের সাথে আলাপ করে জানতে পারি অপরিকল্পিত বিদ্যুৎ লাইনের কারণে খাদ্য অন্বেষণে এসে ৪০-৫০ বছর বয়সী একটি হাতি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়।হাতিটির শরীরে অসুস্থতা কিংবা অন্য কোনো ধরনের আঘাতের চিহ্ন ছিল না।
তিনি আরও বলেন, একটি বন্য হাতির বিকট শব্দে এলাকাবাসীর ঘুম ভাঙে। ভোরের আলো ফুটলে স্থানীয়রা শব্দের উৎস স্থলে গিয়ে দেখেন বৈদ্যুতিক তারের সঙ্গে হাতির শুঁড় আটকে আছে। তাদের ধারণা খাবারের সন্ধানে পাহাড় থেকে নেমে আসা বন্যহাতি বৈদ্যুতিক তারের সংযোগ লাইনের স্পর্শে গিয়ে মারা গেছে। খবরটি ছড়িয়ে পড়ার পর ভোর থেকে শত শত মানুষ হাতিটি দেখার জন্য ভিড় জমায়।
রেঞ্জ কর্মকর্তার মতে, এটা এক ধরনের হত্যাকাণ্ড। কারণ পাহাড়ি এলাকায় হাতি চলাচলের রাস্তায় এত নিচু দিয়ে বৈদ্যুতিক লাইনের তার টানা হয়েছে যে হাতি কেন যে কেউ এতে মারা পড়তে পারে। উর্ধ্বতন কর্মকর্তাদের পরামর্শে ময়নাতদন্ত সম্পন্নের পর হাতির মরদেহটি পুতে ফেলা হবে।
বার্তাবাজার/এসজে