পঞ্চগড়ের সদর ও দেবীগঞ্জ উপজেলায় এক নারীসহ ৩ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ২ জন পুরুষ ও একজন নারী। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০২ জনে। শুক্রবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, আক্রান্ত সদর উপজেলার ২ জনের মধ্যে একজনের বাড়ি উপজেলার ধাক্কামারা ইউনিয়নের যতনপুকুরী গ্রামে। তার বয়স ৩০ বছর। তিনি একজন নারী। তিনি তার ঢাকা ফেরত স্বামীর দ্বারা আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে।
উপজেলার অপর আক্রান্তের বাড়ি পৌর এলাকার ডোকরো পাড়ায়। তার বয়স ৪৩ বছর। তিনি একজন পুরুষ। তিনি স্থানীয় কারো দ্বারা করোনায় আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আফরোজা বেগম রিনা।
দেবীগঞ্জ উপজেলার আক্রান্তের বাড়ি টেপ্রীগঞ্জ ইউনিয়নের ঝংড়ুপাড়া গ্রামে। তার বয়স ৬৮ বছর। তিনি একজন পুরুষ। গত ৩ জুন ঢাকা হতে নিজ গ্রামের বাড়িতে ফিরলে তাকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। তিনি ঢাকায় রাজমিস্ত্রী শ্রমিক হিসেবে কাজ করতেন।
গত ০৬ জুন তাদের নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ১২ জুন তাদের করোনা পজিটিভ এসেছে। বর্তমানে তারা নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন এবং বর্তমানে তাদের করোনার উপসর্গ না থাকায় সুস্থ আছেন বলে জানা গেছে।
সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১৮৩৯ জনের নমুনা সংগ্রহ করার পর ১৪৮৫ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ১০২ জনের করোনা পজিটিভ এসেছে। জেলার ১০২ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৩ জন, সদরে ৩৪ জন,আটোয়ারীতে ০৯ জন,বোদায় ০৮ জন এবং দেবীগঞ্জে ৩৮ জন। ইতিমধ্যে জেলার ৫ উপজেলায় মোট ৩৮ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুই জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তাদের মধ্যে বোদা উপজেলার একজন ও দেবীগঞ্জ উপজেলার একজন।
বার্তা বাজার / ডি.এস