গোপালগঞ্জে পৃথক ঘটনায় মুক্তিযোদ্ধাসহ নিহত ৩

গোপালগঞ্জের বিভিন্ন উপজেলায় সড়ক দুর্ঘটনায় ২ জন ও পাওনা টাকা চাওয়ার ঘটনাকে কেন্দ্র করে ১ মুক্তিযোদ্ধা নিহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া নিবাসী মৃত-মোতাহার গাজীর ছেলে ব্যবসায়ী মো.আব্দুল্লাহ গাজী (৫৫) শুক্রবার সকালে ডুমদিয়া স্ট্যান্ড থেকে মাহিন্দ্রা যোগে গোপালগঞ্জ শহরে যাওয়ার উদ্দেশ্যে রওনা করে, পথিমধ্যে ঢাকা-খুলনা মহাসড়কের নিমতলা নামক স্থানে পৌঁছালে হঠাৎ মাহিন্দ্রা থেকে সে রাস্তায় পড়ে যায়। পিছনে থাকা দ্রুতগামীর একটি কাভার্ড ভ্যান তাকে চাপা দেয়, এতে ঘটনা স্থলেই তিনি মারা যান।

এছাড়া বৃহস্পতিবার দিবাগত রাতে কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি- গান্ধিয়াশুর সড়কের চকপুকুরিয়া নামক স্থানে পিকআপ চাপায় কলাবাড়ী ইউনিয়নের রুথিয়ারপাড় গ্রামের অমল রায়ের ছেলে, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের ‌অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র সজল রায় (২০) নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সজল রায় তাদের নিজস্ব ঘেরের মাছ সংগ্রহ করে ফরিদপুরের ভাঙ্গায় বিক্রি করার উদ্দেশ্যে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করে কলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাইকেল ওঝা ও কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান।

অপর দিকে শুক্রবার সকালে মুকসুদপুর উপজেলার কাওয়ালদিয়া গ্রামে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে উভয় পক্ষের সংঘর্ষে সাহেব আলী খন্দকার নামে এক মুক্তিযোদ্ধা নিহত ও অপর ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

কাশিয়ানী ও মকসুদপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার হোসেন ভূঞা ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, নিহত মুক্তিযোদ্ধা সাহেব আলী খন্দকারের লাশ ময়নাতদন্তের জন্য গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে, অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর