চট্টগ্রামে করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসার্থে শনিবার উদ্বোধন করা হবে চট্টগ্রাম করপোরেশনের উদ্যোগে নির্মিত আইসোলেশন সেন্টার।
নগরীর হালিশহরের সিটি কনভেনশন সেন্টারে মৃদু উপসর্গের করোনা রোগীদের জন্য সিটি করপোরেশনের উদ্যোগে ২৫০ শয্যার আইসোলেশন কেন্দ্র চিকিৎসা সেবার জন্য সম্পূর্ণ প্রস্তুত। শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে তিনটায় চসিক’র এ আইসোলেশন কেন্দ্রের উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ।
চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শামসুদ্দোহা বলেন, করোনায় আক্রান্ত প্রাথমিক পর্যায়ের রোগীদের জন্য নির্মিত হয়েছে চসিক আইসোলেশন কেন্দ্র। সিটি মেয়র আ জ ম নাছিরের প্রত্যক্ষ তদারকিতে নির্মিত এই আইসোলেশন সেন্টারের শনিবার বিকালে উদ্বোধন করবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। আইসোলেশন সেন্টারের সকল কারিগরী কাজ সম্পন্ন। আনুষঙ্গিক কিছু কাজ শেষে শীঘ্রই কম ও মৃদু উপসর্গ আছে এমন রোগীদের চসিকের আইসোলেশন সেন্টারে চিকিৎসা দেওয়া হবে। তবে কারো যদি গুরুতর অবস্থা হয় বা আইসিইউ সাপোর্ট দরকার হয় তাহলে তাকে বিশেষায়িত হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হবে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে এ আইসোলেশন সেন্টারের জন্য ৫০টি অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করা হয়েছে। যদি প্রয়োজন হয় আরও অক্সিজেন সিলিন্ডারের ব্যবস্থা করা হবে। এছাড়া শনিবার সকালে উদ্বোধনের আগেই আইসোলেশন সেন্টারের জন্য নিয়োগ দেওয়া চিকিৎসক, নার্স ও কর্মীদের নিয়ে আন্দরকিল্লার নগর ভবনের কেবি আবদুস সাত্তার মিলনায়তনে জরুরি সভা করে তাদের দায় দায়িত্ব বুঝিয়ে দেওয়া হবে।
বার্তা বাজার / ডি.এস