দেশে করোনায় আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ার কারণে নতুন করে দেশের কিছু জায়গা লকডাউন ঘোষণা করা হয়েছে।
সে জায়গাগুলো হলো নরসিংদীর মাধবদী পৌরসভার দুটি ওয়ার্ড। এছাড়া, ব্রাহ্মণবাড়িয়ার দুটি পৌরসভার বেশ কয়েকটি এলাকা এবং গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৩টি ওয়ার্ডকে রেড জোন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
বৃহস্পতিবার মধ্যরাত থেকে মাধবদী পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডে লকডাউন ঘোষণা করে কার্যকরের নির্দেশনা দেয় জেলা প্রশাসন। ১৪ দিনের জন্য চলবে এ লকডাউন। শুধু চিকিৎসা ও ওষুধসহ জরুরি প্রয়োজন ছাড়া সাধারণ চলাচলের ওপর কঠোর বিধি নিষেধ আরোপ করা হয়। জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, করোনায় আক্রান্ত হয়ে নরসিংদীতে এ পর্যন্ত ১৩ জনের মৃত্য হয়েছে।
ফেনীর বেশ কয়েকটি এলাকাকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নত করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার পৌরসভার রামপুর এলাকা, ডাক্তার পাড়া, শান্তি কোম্পানি, ছাগলনাইয়া ও দাগনভূঞা পৌরসভার বেশ কয়েকটি এলাকা লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন।
এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌরসভার ৪, ৫ ও ৭ নম্বর ওয়ার্ডকে রেডজোন ঘোষণা করে লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে স্থানীয় প্রশাসন। এছাড়া, নবীনগর পৌরসভার কলেজপাড়া, টিএণ্ডটি পাড়া, হাসপাতালপাড়া ও ঋষিপাড়াকে রেডজোন ঘোষণা করে লকডাউনের সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা।
করোনাভাইরাসে সংক্রমণের হার বেড়ে যাওয়ায় গাজীপুরের কালীগঞ্জ পৌরসভার ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডকে রেড জোন হিসেবে চিহ্নিত করেছে জেলা প্রশাসন।
কে.এ.স/বার্তাবাজার