মাত্র একশ টাকা না দেওয়ায় বড় ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে গলা টিপে হত্যা করার অভিযোগ উঠেছে। হত্যার ঘটনায় মাদকাসক্ত বড় ভাইকে আটক করেছে থানা পুলিশ।
শুক্রবার সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে ফরিদপুরের মধুখালী উপজেলার বাগাট ইউনিয়নের দক্ষিণ চর বাগাট গ্রামে। নিহত কিশোর হলেন, ওই গ্রামের আহিদ মোল্যার ছেলে তানজিদ (১৩) এবং ঘাতক বড় ভাইয়ের নাম নামজুল (২০)। নিহত তানজিদ স্থানীয় বাগাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, তানজিদকে তার মা একশ টাকা দেন। ওই টাকা তানজিদের কাছে চায় তার বড় ভাই নাজমুল মোল্যা। কিন্তু তানজিদ টাকা না দেয়ায় ক্ষিপ্ত হয়ে শুক্রবার বেলা ১১টার দিকে তাকে সুকৌশলে বাড়ির পার্শ্ববর্তী পাটক্ষেতে ডেকে নিয়ে যায় নাজমুল। সেখানে ছোট ভাই তানজিদকে গলাটিপে হত্যা করে সে। তানজিদ ফিরে না আসায় ছোট ভাই কোথায় জানতে চাইলে ঘাতক বড় ভাই নাজমুল এলোমেলো কথাবার্তা বলে। বিষয়টি মায়ের সন্দেহ হলে বড় ভাইকে চাপাচাপি করলে সে মায়ের কাছে গলা টিপে হত্যার ঘটনা প্রকাশ করে। বাড়ীর লোকজন তাৎক্ষণিক পাট ক্ষেত থেকে তানজিদকে উদ্ধার করে বাগাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত বলে ঘোষণা করেন।
মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. কবির সরদার জানান, মৃত অবস্থায় তানজিদকে হাসপাতালে আনা হয়। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, বড় ভাই নাজমুল মাদকসেবী। মাদক কেনার জন্য ছোট ভাইয়ের কাছে টাকা চায় সে। কিন্তু ছোট ভাই টাকা না দেয়ায় তাকে গলা টিপে হত্যা করেছে নাজমুল। নাজমুলকে আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।
বার্তা বাজার / ডি.এস