দেশে করোনায় মৃতের সংখ্যা এক হাজার ছাড়িয়েছে। এর মধ্যে অনেকেই মারা গেছেন উপসর্গ নিয়ে। তারই ধারাবাহিকতায় ফরিদপুরে করোনা উপসর্গ নিয়ে ৪৮ বছর বয়সী এক এনজিও কর্মকর্তার মৃত্যু হয়েছে।
শহরের গোয়ালচামট এলাকার হাউজিং স্টেটের জনৈক আজাদের ছয়তলা বাড়ির নিচতলার ভাড়াটিয়া ওই ব্যক্তিকে দরজা ভেঙে চেয়ারে বসা অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ।
বৃহস্পতিবার বিকালে ওই ভাড়া বাড়িতে তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। ওই সময় তিনি ওই ফ্ল্যাটে একাই ছিলেন। তার পরিবারের সদস্যরা গ্রামের বাড়ি রাজশাহীতে ছিলেন।
স্থানীয়রা জানায়, ওই ব্যক্তি শহরের কমলাপুর এলাকায় পুষ্টি বিষয়ক এক এনজিও প্রতিষ্ঠানে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে কর্মরত ছিলেন। তার বাড়ি রাজশাহী জেলার পুঠিয়া উপজেলার একটি গ্রামে। তিন মেয়ের জনক তিনি।
ওই প্রতিষ্ঠানের কর্মকর্তা জহুরুল ইসলাম জানান, ফরিদপুর শহরের কমলাপুরে তাদের কার্যালয়। তারা মোট ২০ জন এ কার্যালয়ে কর্মরত রয়েছেন। গত পাঁচদিন ধরে ওই কর্মকর্তা জ্বর, কাশিসহ বিভিন্ন উপসর্গে ভুগছিলেন। এরপর থেকে তাকে বিচ্ছিন্ন করা হয়।
কে.এ.স/বার্তাবাজার