ভারতের দাবিকৃত বিতর্কিত তিন ভূখণ্ড নেপাল মানচিত্রে যুক্ত করে নেয়ার পর প্রতিবেশি এ দুই দেশের মাঝে চরম উত্তেজনা তৈরি হয়েছে। করোনা আতঙ্কের মধ্যেই সীতামারহি সীমান্ত এলাকায় নেপালের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে। আহত হয়েছে আরও ২ জন ভারতীয়। এই উত্তেজনা ক্রমেই সংঘাতের দিকে মোড় নিচ্ছে।
শুক্রবার (১২ জুন) ভারতের বিহার প্রদেশের সীতামারহি সীমান্ত এলাকায় নেপালের সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে এক ভারতীয় নাগরিক নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ ভারতীয় নাগরিক।
দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া ট্যুডে এক প্রতিবেদনে জানিয়েছে, শুক্রবার সকালের দিকে বিহারের সীতামারহি সীমান্ত এলাকায় নেপাল সীমান্তরক্ষীদের গুলিতে এক কৃষক নিহত ও আরও দু’জন আহত হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, নেপাল পুলিশের গুলিতে নিহত যুবকের নাম বিকাশ কুমার রাই (২৫)। মাঠে কৃষিকাজ করার সময় নেপাল সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা অতর্কিত গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান বিকাশ। এছাড়া লগন রাই নামের অপর এক যুবককে ধরে নিয়ে গেছে নেপাল পুলিশ।
এ ঘটনায় আহতদের উদ্ধার করে সীতামারহি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিহারের সনবর্ষা পুলিশ স্টেশনের আওতাধীন লালবন্দি এলাকার মোহোবা গ্রামের কাছে এই গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।
বিহার পুলিশের মহাপরিদর্শক সশাস্ত্র সীমা বাল বার্তাসংস্থা এএনআইকে জানিয়েছেন, ভারত-নেপাল সীমান্তের সীতামারহি এলাকায় গোলাগুলিতে একজন নিহত ও দু’জন আহত হয়েছেন। আমরা এই ঘটনার ব্যাপারে রাজ্য সরকারকে অবহিত করেছি। জেলা প্রশাসন এ ব্যাপারে ব্যবস্থা নিচ্ছে। আমরা সবকিছু পর্যবেক্ষণ করছি।
বার্তাবাজার/এমকে