দৈনিক জাগরণের সম্পাদক, দেশের খ্যাতনামা সাংবাদিক এবং প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) এর পরিচালনা বোর্ডের চেয়ারম্যান আবেদ খান হোম কোয়ারেন্টাইনে রয়েছেন বলে জানা গেছে। রাজধানীর উত্তরায় যে ভবনে তিনি বাস করেন, সেটি লকডাউন করা হয়েছে।
শুক্রবার (১২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন আবেদ খানের ব্যক্তিগত সম্পাদনা সহকারী এস এম সাব্বির খান। তবে এ বিষয়ে এখনই বিস্তারিত কোনো তথ্য প্রকাশ সম্ভব নয় বলে জানিয়েছেন তিনি।
ধারনা করা হচ্ছে, আবেদ খানের বাড়ির গৃহ পরিচারকদের কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। যার পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে তার হোম কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে। সতর্কতামূলক অন্যান্য বিষয়েও পদক্ষেপ নেয়া হচ্ছে।
সাংবাদিক আবেদ খান বিভিন্ন সময় দৈনিক ভোরের কাগজ, যুগান্তর, সমকাল ও কালের কণ্ঠের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া বেসরকারি টেলিভিশন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং একুশে টেলিভিশনের নির্বাহী সম্পাদকের দায়িত্বেও ছিলেন আবেদ খান।
আবেদ খান ১৯৭১ সালের স্বাধীনতা যুদ্ধে একজন মুক্তিযোদ্ধা হিসেবে বীরত্বের সাথে যুদ্ধ করেছেন। এছাড়াও সাহিত্য, সংস্কৃতিসহ বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড বিশেষ অবদানের জন্য সাংবাদিক আবেদ খান একাধিক সম্মাননায় ভূষিত হন।
বার্তাবাজার/এমকে