দেশে প্রতিনিয়তই বাড়ছে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। ২৪ ঘণ্টায় সর্বোচ্চ মৃত্যুর দিনে দেশে করোনা মোট মৃতের সংখ্যা বেড়ে এক হাজার ৯৫ জনে দাড়িয়েছে।
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৪৭১ জনের করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে আরও ৪৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্তের সংখ্যা ৮১ হাজার ৫২৩ জনে। দেশে মোট মৃত্যুর সংখ্যা এক হাজার ৯৫ জন। দেশে গত ২৪ ঘন্টায় নতুন করে সুস্থ হয়েছে ৫০২ জন। এ পর্যন্ত মোট সুস্থ ১৭ হাজার ২৪৯ জন।
শুক্রবার (১২ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানিয়েছেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
ডা. নাসিমা জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৬ হাজার ৯৫০টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৯৯০টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো ৪ লাখ ৭৩ হাজার ৩২২টি। এদের মধ্যে তিন হাজার ৪৭১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত করা হয়েছে। এদিনে মারা গেছেন আরও ৪৬ জন। ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছে আরও ৫০২ জন।
তিনি আরও বলেন, গত ২৪ ঘণ্টায় মৃত ৪৬ জনের ৩৭ জনই পুরুষ এবং নয়জন নারী। ১৯ জন ঢাকা বিভাগের, ১১ জন চট্টগ্রাম বিভাগের, দুজন রাজশাহী বিভাগের, তিনজন সিলেট বিভাগের, তিনজন বরিশাল বিভাগের, পাঁচজন রংপুর বিভাগের, একজন খুলনা বিভাগের এবং দুজন ময়মনসিংহ বিভাগের।
এর আগে, গতকাল বৃহস্পতিবার দেশে করোনাভাইরাস শনাক্ত হয়েছে ৩ হাজার ১৮৭ জনের। মারা গেছেন ৩৭ জন।
বার্তাবাজার/এমকে