করোনাকালে অসহায় বিপর্যস্ত মানুষদের সাহায্যার্থে শুরু থেকেই বেশ তৎপর জাতীয় দলের উইকেটরক্ষক ব্যাটসম্যান মুশফিকুর রহিম। বৈশ্বিক এই দুর্যোগের সময় মুশফিক ফিরে গেলেন তাঁর প্রিয় ক্যাম্পাসে। পাশে দাঁড়ালেন জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ের ২০০ অসহায় দোকানির।
করোনা ভাইরাসের প্রকোপে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। স্বভাবতই বন্ধ রয়েছে জাহাঙ্গিরনগর বিশ্ববিদ্যালয়ও। ফলে বেশ বিপাকেই পড়েছেন বিশ্ববিদ্যালয়ের আশেপাশের দোকানিরা। তাদের এই কষ্টের কথা মুশফিককে জানিয়েছেন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান। শিক্ষকের আহ্বানে সাড়া দিয়ে অনতিবলম্বে সহায়তার হাত বাড়িয়ে দিয়েছেন জাতীয় দলের অভিজ্ঞ এই ব্যাটসম্যান।
বিষয়টি নিশ্চিত করে মুশফিক বলেন, আমদের দেশের এখন যেই পরিস্থিতি, এখন সব খাতের মানুষজনই কষ্টে দিন পার করছে। যেহেতু অনির্দিষ্ট সময়ের জন্য ক্যাম্পাস বন্ধ, তাদের (দোকানি) আয়ও একপ্রকারে বন্ধ। এ কারণে আমরা চেষ্টা করছি তাদের একটু সহায়তা করতে। অনেক দোকানি আছে, মাঝেমধ্যে যেখানে বসে আমি খেয়েছি। ক্যাম্পাসের বটতলা, ক্যাফেটেরিয়া, ডেইরি গেট, প্রান্তিক গেট, এম এইচ (মীর মোশাররফ হোসেন) হলের নিচের দোকান- সবাই আমার অনেক কাছের মানুষ।
বিপাকে পড়া দোকানিদের তালিকা তৈরি করছেন বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল এডুকেশনের উপ-পরিচালক। সঙ্গে রয়েছেন ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল।
বার্তাবাজার/কে.জে.পি