ব্রাজিলে বেড়েই চলেছে করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন আরও ৩০ হাজার ৪৬৫ জন। এতে ব্রাজিলে আক্রান্তের সংখ্যা ৮ লাখ ছাড়িয়েছে। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্ত হয়েছে ৮ লাখ ৫ হাজার ৬৪৯ জন।
গত ২৪ ঘণ্টায় দেশটিতে মারা গেছেন আরও এক হাজার ২৬১ জন। এই নিয়ে মৃত্যুর সংখ্যা ৪০ হাজার ছাড়িয়ে গেছে। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪১ হাজার ৫৮ জনে।
ফুটবল খেলার জন্য বিখ্যাত দেশটিতে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ৩ লাখ ৯৬ হাজার ৬৯২ জন। করোনার সঙ্গে এখনও লড়ছেন ৩ লাখ ৬৫ হাজার ২১৬ জন। এর মধ্যে ৮ হাজার ৩১৮ জনের অবস্থা আশঙ্কাজনক।
৮ লাখের বেশি আক্রান্ত ও ৪০ হাজারের বেশি মৃত্যু নিয়ে করোনায় আক্রান্ত-মৃতের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিনের এ দেশটি। করোনায় ২০ লাখের বেশি মানুষ আক্রান্ত ও এক লাখ ১৫ হাজারের বেশি মৃত্যু নিয়ে সবার উপরে অবস্থান করছে আমেরিকা।
করোনায় আক্রান্তের দিক থেকে ৩ নম্বরে আছে রাশিয়া। দেশটিতে এ পর্যন্ত ৫ লাখের বেশি মানুষ আক্রান্ত হয়েছে। ৪ নম্বরে অবস্থান করছে প্রতিবেশী দেশ ভারত। দেশটিতে আক্রান্ত হয়েছে ২ লাখ ৯৮ হাজার ২৮৩ জন। আর ৫-এ অবস্থান করছে যুক্তরাজ্য। দেশটিতে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৪০৯ জন।
বার্তাবাজার/এমকে