সাঁকো ভেঙে মরদেহসহ নদীতে স্বজনরা

হবিগঞ্জের চুনারুঘাটে মৃতদেহ নিয়ে সাঁকোর উপর দিয়ে যাওয়ার সময় সেটি ভেঙে মৃতদেহসহ নদীতে পড়ে যান মৃতকে বহন করা ৬ স্বজন।বৃহস্পতিবার (১১ জুন) বিকালে উপজেলার সাটিয়াজুরী ইউনিয়নের কাজিরখিল খনকারিগাঁও এলাকার করাঙ্গী নদীতে এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় আহতদেরকে চুনারুঘাট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

জানা যায়, বৃহস্পতিবার সকালের দিকে খনকারিগাঁও গ্রামের নিরঞ্জন পালের ছেলে দুলাল পালের (৪০) হঠাৎ বুকে প্রচন্ড ব্যাথা অনুভূত হওয়ায় তাকে নিয়ে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। সেখানে দুলালের মৃত্যু হলে বিকাল ৩টার দিকে মরদেহ নিয়ে বাড়ির পথে রওয়ানা দেয় স্বজনরা।

পথে করাঙ্গী নদীর সাঁকো ভেঙে দুলালের মরদেহসহ ৬ জন নদীতে ভেসে গেলে স্থানীয় এলাকাবাসী আধাঘণ্টা খোঁজাখুঁজির পর দুলালের মরদেহসহ অন্যদের উদ্ধার করেন। এতে আশিক, সুমন, আব্দুল মতিনসহ ৬ জন আহত হয়।

এ বিষয়ে চুনারুঘাটের ইউএনও সত্যজিৎ রায় জানান, বিষয়টি আমি ফোনের মাধ্যমে জানতে পেরেছি। ঝুঁকিপূর্ণ এ সাঁকোটি নির্মাণের নির্দেশনা দিলেও প্রতিনিধিরা যথাযথ পদক্ষেপ না নেয়ায় মর্মান্তিক ঘটনাটি ঘটে। কিছু দিনের মধ্যেই সাঁকোটি পুনর্নির্মাণ করা হবে।

বার্তাবাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর