ঢাকার সাভারের আশুলিয়ার জামগড়া এলাকায় একটি দ্বিতল ভবনের ছাদের কার্ণিশে পাইপের সাথে ফাঁস নেয়া এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে আশুলিয়া থানার পুলিশ। বৃহস্পতিবার (১১ জুন) রাত আনুমানিক দশটার দিকে ওই যুবকের লাশ উদ্ধার করে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সেলিম রেজা।
নিহত যুবকের নাম মোঃ আরিফ হোসেন বাবু (১৭)। সে মৃত আব্দুর রহমানের পুত্র এবং তার বাড়ি নীলফামারী জেলার ডোমার থানার কলেজ পাড়া এলাকায়। সে গত ১০ বছর ধরে তার মা মায়া বেগমকে নিয়ে আশুলিয়ার জামগড়া এলাকার মোল্লা বাড়ির মসজিদের পিছনে নোয়াখালি সুমনের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলো।
ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাত আনুমানিক ৮টার দিকে স্থানীয়রা ওই যুবকের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। পুলিশ এসে নিহত যুবকের লাশ উদ্ধার করে।
এব্যাপারে আশুলিয়া থানার উপ-পরিদর্শক সেলিম রেজা জানান, স্থানীয়দের থেকে খবর পেয়ে জামগড়া মোল্লাবাড়ি মসজিদের পিছনে জনৈক নোয়াখালি সুমনের বাড়ির দোতলার ৩/৪ ইঞ্চি জি আই পাইপ এবং টয়লেটের প্লাস্টিক পাইপের সাথে ওড়নায় ফাঁস নেয়া ঝুলন্ত আরিফ হোসেনের লাশ দেখতে পাই। সুরতহাল রিপোর্ট করতে গিয়ে তার গলায় ফাঁস লাগা স্থান ছাড়া শরীরের আর কোনো জায়গায় আঘাতের চিহ্ন পাইনি। তার মা এবং খালা জানিয়েছেন যে নিহত আরিফ আত্মহত্যা করেছে।
তিনি আরও জানান, প্রাথমিক তদন্তে আত্মহত্যার বিষয়টি স্পষ্ট হওয়ায় এবং নিহত যুবকের মা এবং চাচার কোনো অভিযোগ না থাকায় আমাদের উর্ধতন কর্তৃপক্ষের সাথে আলাপ করে লাশ নিহতের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এছাড়া, এ ঘটনায় আশুলিয়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হবে বলেও জানান তিনি।
বার্তা বাজার / ডি.এস