বাংলাদেশি কমিউনিটি ইন সাইপ্রাসের কমিটি ঘোষণা: সভাপতি নিরব, সম্পাদক মাহাফুজ

সাইপ্রাসে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সংগঠন ‘বাংলাদেশ কমিউনিটি ইন সাইপ্রাসের’ নব গঠিত কমিটি ঘোষণা করা হয়েছে। ১৮ সদস্যের পূর্ণাঙ্গ এই কমিটিতে  নিরব খানকে সভাপতি এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মাহাফুজুল হক চৌধুরীকে ।

কমিটিতে ৮ জনকে উপদেষ্টা করা হয়। উপদেষ্টা প্যানেলে আছেন প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন তারেক, মোকারম হোসেন, জাভেদ হোসাইন, মাহমুদউল্লা হান্নান, মনিরুজ্জামান মনির, কবির সাজ্জাদ, সুজন ভুইয়া, ও সরোয়ার আলম টুটুল।

কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- সহ-সভাপতি নাদিম আহমেদ, সহ-সভাপতি রাজ সাফার, যুগ্ন সাধারণ সম্পাদক রাকিব উদ্দীন হিমেল, তানভীর সরোয়ার সোহেল, সাংগঠনিক সম্পাদক পিনব চক্রবর্তী বাপ্পা, ওয়ালিউর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক নিয়ামুল হাসান কায়েস, ও সহ-সাংগঠনিক সম্পাদক এম.রেদোয়ান আহমদ।

জানা যায়, গত চার বছর আগে বাংলাদেশ কমিউনিটি ইন সাইপ্রাস সংগঠনটি একটি  ফেইসবুক গ্রুপের মাধ্যমে যাত্রা শুরু করে।

এ বিষয়ে সংগঠনের সাধারণ সম্পাদক মাহাফুজুল হক চৌধুরী বলেন, বিশ্বের অন্যান্য দেশের তুলনায় সাইপ্রাস দালালদের স্বর্গরাজ্য। এখানে যে শুধু সাইপ্রাসে বসবাসরত দালালরাই প্রতারণা করে আসছে তা নয়। বাংলাদেশের বিভিন্ন এজেন্সিগুলো সাইপ্রাসে লোক পাঠানোর নামে মিথ্যা কথা বলে প্রতারণা করে আসছে দিনের পর দিন। সাইপ্রাস সম্পর্কে সঠিক তথ্য না জানিয়ে মানুষকে সাইপ্রাসে পাঠাচ্ছে তারা। যার ফলে মানুষ এখানে এসে বিপদে পড়ছে। কিন্তু সাইপ্রাস থেকে কোন সংগঠন কিংবা কেউ
এমন কোন উদ্যোগ নেয়নি যে, দেশের মানুষকে সঠিক তথ্য প্রদান করে দালালদের লোভনীয় মিথ্যা ফাঁদ থেকে বাঁচাতে।

তিনি আরও জানান, এখানে আসার পর সবাই শুধু নিজের চিন্তাই করে৷ সেদিক থেকে চিন্তা করে সবার থেকে এক ভিন্ন উদ্যোগ নিয়েছি আমরা। বাংলাদেশ কমিউনিটি ইন সাইপ্রাস এ অনলাইন প্লাটফর্ম থেকে নিয়মিত সাইপ্রাসের বিভিন্ন সুযোগ সুবিধা/অসুবিধাগুলি তুলে ধরা হচ্ছে। বাংলাদেশ থেকেও প্রতিদিন অসংখ্য মানুষ গ্রুপটি ফলো করছে। সেইসাথে সাইপ্রাসে বসবাসরত বাংলাদেশিদের জন্য একমাত্র নির্ভরযোগ্য গ্রুপ হয়ে উঠেছে এটি। এখানে সাইপ্রাসের এমন কোন তথ্য নেই যা পাওয়া যায় না। এই গ্রুপের কারণে এখন কেউ আর মিথ্যা কথা বলে মানুষের সাথে প্রতারণা করতে পারছেনা। এমনকি অনেকেই এ গ্রুপ থেকে সঠিক তথ্য পাওয়ার কারণে দালালের হাত থেকে বড় ধরণের লোকসান থেকে ফিরে এসেছে।

ছবি-বার্তাবাজার

সভাপতি নিরব খান বলেন, আমরা যখন ৪ বছর আগে এ গ্রুপের মাধ্যমে পদচারণা শুরু করি অনেক স্বপ্ন নিয়েই শুরু করি। এ গ্রুপের মাধ্যমে সাইপ্রাসে বসবাসরত বাংলাদেশিরা তাদের মনের কথাগুলি তুলে ধরার সু্যোগ পেয়েছে। এ গ্রুপ আছে বলেই যারা প্রতিনিয়ত সাইপ্রাসে হয়রানির শিকার হচ্ছে তাদের অভিযোগগুলি গ্রহণ করে তাদেরকে শাস্তির আওতায় আনা হচ্ছে।

এছাড়াও সাম্প্রতিক সময়ে কোভিড-১৯ মহামারীর কারণে সাইপ্রাসে অসহায় বাঙালীদের পাশে দাঁড়িয়েছে এ সংগঠনটি। বর্তমানে সাইপ্রাসে সবচেয়ে  গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে ১৫০ জন বাংলাদেশি রিফিউজি ক্যাম্পে আটকে পড়েছে প্রায় ৩ মাস ধরে।  তাদেরকে খাবার দেওয়া, তাদেরকে দেখতে যাওয়া থেকে শুরু করে সকল প্রকারের সহযোগিতা করে আসছে এ সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিরা।

প্রধান উপদেষ্টা মোজাম্মেল হোসেন তারেক বলেন, সাইপ্রাসে এখন প্রবাসি বাংলাদেশিদের একমাত্র ভরসার প্রতিক হয়ে উঠেছে বাংলাদেশ কমিউনিটি ইন সাইপ্রাস এ সংগঠনটি।

বার্তাবাজার/নিমফুল

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর