পঞ্চগড়ে ইউপি চেয়ারম্যানের স্ত্রীর করোনা শনাক্ত

পঞ্চগড়ের এক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ জনে। আক্রান্তের বাড়ি দেবীগঞ্জ উপজেলায়। বৃহস্পতিবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।

জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, আক্রান্ত নারীর বাড়ি দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের টোকরাভাসা গ্রামে। তার বয়স ৪৫ বছর। তিনি ঐ ইউনিয়নের বর্তমান ইউপি চেয়ারম্যানের স্ত্রী। তিনি সম্প্রতি দিনাজপুর থেকে নিজ গ্রামের বাড়িতে ফিরেন। তখন থেকে বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন। ঐ পরিবারের সদস্যদের নমুনা সংগ্রহ করে পরিক্ষা করার পর শুধু তারই করোনা পজিটিভ এসেছে এবং বাকীদের নেগেটিভ এসেছে।

গত ০১ জুন তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ১১ জুন তার করোনা পজিটিভ এসেছে। বর্তমানে তিনি নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছেন এবং বর্তমানে তার করোনার উপসর্গ না থাকায় সুস্থ আছেন বলে জানা গেছে।

সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১৮৩৯ জনের নমুনা সংগ্রহ করার পর ১৪৮৫ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ৯৪ জনের করোনা পজিটিভ এসেছে। জেলার ৯৪ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৩ জন,সদরে ২৭ জন,আটোয়ারীতে ০৯ জন,বোদায় ০৮ জন এবং দেবীগঞ্জে ৩৭ জন। ইতিমধ্যে জেলার ৫ উপজেলায় মোট ৩৮ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং ২ জন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেছেন। তাদের মধ্যে বোদা উপজেলার ১ জন ও দেবীগঞ্জ উপজেলার ১ জন।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর