ঢাকার সাভারে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। এদের মধ্যে দুইজন সাভারের বাসিন্দা এবং অপরজন ধামরাই উপজেলায় বসবাসরত বলে জানা গেছে। মৃত তিনজনই সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার (১০ই জুন) বেলা তিনটা থেকে বৃহস্পতিবার (১১ই জুন) সকাল আটটার মধ্যে মারা যান।
প্রসঙ্গত, সপ্তাহখানেক আগে এনাম মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা ইউনিট চালু হবার পরে এখানে চিকিৎসা নিতে আসা রোগীদের মধ্যে গত চার দিনে পাঁচজন মারা গেলেন।
এব্যাপারে, সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ ফেরদৌসী আক্তারের বরাত দিয়ে জানা যায়, গত ৯ জুন পর্যন্ত সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মোট নমুনা সংগ্রহ হয় ২৮১৭ জনের। এদের মধ্যে মোট আক্রান্তের সংখ্যা ৬২৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪২ জন। বৃহস্পতিবার (১১ জুন) পর্যন্ত আক্রান্তদের ভিতর মোট ২১ জন মারা গেছেন। হোম আইসোলেশনে রয়েছেন ১৬৩ জন এবং সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন মোট ৯ জন। বাকিরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন বলেও জানান তিনি।
তার বরাত দিয়ে আরও জানা গেছে, গত ৯ জুন তারিখে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মাধ্যমে মোট নমুনা সংগ্রহ হয়েছিল ৯১ জনের, তার মধ্যে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৩ জন।
এদিকে, ধামরাই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নূর রিফফাত আরা জানান, বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যা ৭ঃ৪৫ মিনিট পর্যন্ত ধামরাই উপজেলায় মোট নমুনা সংগ্রহ হয়েছে ১৫৫৪ জনের। এদের ভিতর মোট আক্রান্ত হয়েছেন ২৬৪ জন। ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেশনে রয়েছেন মোট ৪ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ২৭ জন এবং এখনও পর্যন্ত ধামরাই উপজেলায় মোট ৪ জন করোনা আক্রান্ত রোগী মারা গেছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ধামরাই উপজেলায় নতুন আক্রান্ত হয়েছেন ১০ জন। এরা উপজেলার পাঠানটোলা, কায়েতপাড়া, মডেল টাউন, বেলীশ্বর এবং কৃষ্ণপুরের বাসিন্দা।
বার্তা বাজার / ডি.এস