লক্ষ্মীপুরের রায়পুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আ’লীগ নেতা ও সাবেক স্বেচ্ছাসেবকলীগ নেতাদের অনুসারীদের দফায় দফায় সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে। এসময় বিদ্যালয়সহ বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর ও লুটপাট করা হয়। মুমুর্ষু অবস্থায় রায়পুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও সদর হাসপাতালে ৫ জনকে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে (১১ জুন) উপজেলার দক্ষিন চরবংশী ইউপির মিয়ারহাট বাজারে এ ঘটনা ঘটে।
পরবর্তীতে ঘটনার সংবাদ পেয়ে ফাঁড়ি থানা পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় দাদন মোল্লা, মান্নান ও সোহেল নামে তিনজনকে আটক করে পুলিশ।
আহতরা হলেন,আ’লীগ নেতা দাদন মোল্লা, স্বেচ্ছাসেবকলীগ নেতা শাহজালাল রাহুল, মোঃ ইউসুফ, মোঃ মনির, জলিল মিয়া, রুহুল আমীনসহ ১০জন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘ ৮ বছর দলীয় কোন্দলসহ চরবংশী ইউনিয়নের মেঘনার তীরে চরের খাস জমি ও সয়াবিন নিয়ে ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি দাদন মোল্লা ও সাবেক স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক শাহজালাল রাহুলের মধ্যে বিরোধ চলে আসছিল। এ ঘটনায় একাধিকবার উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ এবং মামলা হয়েছে। পূর্বের ওই বিরোধকে কেন্দ্র করে দুপুরে শাহজালাল রাহুল তার দোকানে বসে গল্প করছে। এসময় দাদন মোল্লার সাথে রাহুলের বাকবিতন্ডার এক পর্যায়ে উভয় পক্ষের অনুসারীদের সংঘর্ষ বাঁধে।
এ ঘটনায় ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণসহ দু’পক্ষের তিনজনকে আটক করা হয়েছে বলে জানান রায়পুর চরবংশী হাজিমারা ফাঁড়ি থানার পরিদর্শক আবুল কালাম আজাদ। এছাড়া অভিযোগের আলোকে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান এ কর্মকর্তা।
বার্তা বাজার / ডাব্লিও.এস