জোর করে ভেঙে দিয়েছে ঘর, দুই বিধবা এখন খোলা আকাশের নিচে

সিরাজগঞ্জের তাড়াশে ইউপি সদস্যর বিরুদ্ধে অসহায় পরিবারের নির্মানাধীন বসত ঘর ভাংচুর ও মারপিটের অভিযোগ উঠেছে। চাঁদা না দেয়ায় এই ঘটনা ঘটেছে বলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর বুধবার লিখিত অভিযোগ করা হয়েছে। এ ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কে নির্দেশ দিয়েছেন।

লিখিত অভিযোগে বলা হয়েছে, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের খোশালপুর গ্রামের মৃত কফিল উদ্দিনের দুই মেয়ে অসহায় ভূমিহীন বিধবা সমর্ত খাতুন (৬৫) ও প্রতিবন্ধী মল্লিকা খাতুন (৬০) দীর্ঘদিন ধরে অন্যের বাড়িতে বসবাস করে আসছিলেন। অসহায় এই দুই বোন এলাকাবাসীর কাছ থেকে সাহায্য তুলে খাস জায়গার উপর ৬ মাস আগে মাটি ভরাট করে। মঙ্গলবার ওই জায়গায় বসতঘর নির্মাণ করতে গেলে ওই ইউপি’র সদস্য স্থানীয় আ’লীগ নেতা রহমত আলী গংরা তাদের কাছে চাঁদা দাবি করে। এ চাঁদা দিতে অস্বীকার করায় তাদের মারধর ও নির্মানাধীন ঘর ভাঙ্গচুর করে টিন, খুঁটি নিয়ে যায়।

এদিকে ওই ইউপি সদস্য রহমত আলী চাঁদা দাবী অস্বীকার করে সাংবাদিকদের বলেন, খাস জায়গায় ঘর তোলায় ঘর ভেঙ্গে দেয়া হয়েছে।

তবে এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার ইফফাত জাহান বলেন, অভিযোগ পত্রটি পেয়েছি। বিষয়টি তদন্তের জন্য সহকারি কমিশনার ভূমিকে নির্দেশ দেয়া হয়েছে।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর