মানিকগঞ্জের সিঙ্গাইরে পিকআপ ভ্যান চাপায় সুবর্ণা আক্তার (৯) ও ইশা আক্তার (২) নামে দুই বোন নিহত হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল পৌনে ৩টার দিকে উপজেলার হেমায়েতপুর-মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বাস্তা-গাজিন্দা মাদ্রাসা এলাকায় এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত সুবর্ণা ও ইশা উপজেলার ধল্লা ইউনিয়নের পশ্চিম বাস্তা গ্রামের রিক্সাচালক ইসরাফিল হোসেনের মেয়ে। ঘটনার পর থেকে ঘাতক পিকআপ ভ্যান চালক ও তার সহকারি পলাতক রয়েছে।
পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল পৌনে তিনটার দিকে শিশু সুবর্ণা আক্তার তার ছোট বোন ইশাকে বাড়ি সংলগ্ন হেমায়েতপুর-মানিকগঞ্জ সড়কের পাশে দাঁড় করিয়ে রেখে তাদের মা মোবাইল ফোনে টাকা রিচার্জ করার জন্য টাকা আনতে বাড়ির ভেতরে যান। এসময় ঢাকাগামী একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ওই শিশু দুটিকে চাপা দিয়ে ছিটকে সড়কের পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই বড় বোন সুবর্ণা নিহত ও ছোট বোন ইশা গুরুতর আহত হন। মুমুর্ষু অবস্থায় শিশু ইশাকে ঢাকার সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে স্বজনরা। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইশারও মৃত্যু হয়।
সিঙ্গাইর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবুল কালাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। এঘটনায় ঘাতক পিকআপ চালকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বার্তা বাজার / ডি.এস