বিশ্বব্যাপী চলমান করোনা পরিস্থিতির জন্য এবারের হজে মালয়েশিয়ার নাগরিকরা অংশ নিবে না। দেশটির সরকার তাদের নাগরিকদের এইবারের হজে অংশ না নেয়ার নির্দেশ দিয়েছেন।
আজ (বৃহস্পতিবার) রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক প্রেস ব্রিফিংয়ে দেশটির ধর্মমন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি এই ঘোষণা দেন।
তিনি বলেন, এবারের হজে যেতে আগ্রহীরা ধৈর্য ধারণ করবেন বলে আমি মনে করি। সরকারের সিদ্ধান্ত মেনে এবারের হজ পালনে সবার বিরত থাকাটাই কামনা করছি।
আন্তর্জাতিক গণমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদনে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ নির্দেশ বলবৎ থাকবে।
চলতি বছর দেশটি থেকে ৩১ হাজারেরও বেশি মানুষের হজে অংশ নেয়ার কথা। এর আগে গত সপ্তাহে আরেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ ইন্দোনেশিয়াও এবারের হজে অংশ নেবে না বলে জানায়।
এদিকে বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে এ বছর আদৌ হজ অনুষ্ঠিত হবে কিনা তা নিয়ে ব্যাপক সংশয় দেখা দিয়েছে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত সৌদি আরব কিছু জানায়নি।
বার্তাবাজার/এসজে