ফরিদপুরের নগরকান্দায় ছেলের বিরুদ্ধে মোবাইল চুরির অভিযোগকে কেন্দ্র করে ছেলের বাবা আতর আলী (৫০) কে পিটিয়ে হত্যা করা হয়েছে।
বুধবার দিবাগত রাতে জেলার নগরকান্দা উপজেলার কলেজ বালিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আজ বৃহস্পতিবার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।
নগরকান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ সোহেল রানা জানান, মঙ্গলবার রাতে উপজেলার কলেজ বালিয়া গ্রামের ফারুক মুন্সির ছেলে রাসেল মুন্সির একটি মোবাইল হারিয়ে যায়। আতর আলীর ছেলে মান্দার মুন্সি ওই মোবাইল চুরি করেছে বলে সন্দেহ করা হয়।
বুধবার মান্দার মুন্সিকে না পেয়ে তার বাবা আতর আলী ও মাকে ডেকে নেয় রাসেল ও তার সহযোগীরা। এ নিয়ে তর্কাতর্কির একপর্যায়ে আতর আলী ও তার স্ত্রীকে এলোপাতাড়ি মারপিট করে গুরুতর আহত করা হয়। পরে রাত সাড়ে ৯টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে আতর আলীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় রাতেই চারজনকে আটক করেছে পুলিশ। এ সংক্রান্ত একটি হত্যা মামলা নেওয়ার প্রস্তুতি চলছে।
বার্তা বাজার / ডি.এস