প্রাণঘাতী করোনাভাইরাস পরিস্থিতির কারণে দেশে ১৪ লাখের মতো মানুষ কর্মহীন হয়ে পড়ার আশঙ্কা করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
আজ বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২০-২১ অর্থ বছরের বাজেট বক্তৃায় মন্ত্রী এডিবি’র সাময়িক হিসাবের তথ্য তুলে ধরে এ আশঙ্কার কথা জানান।
এর আগে, বিকাল ৩টায় অর্থমন্ত্রী বাজেট বক্তব্য শুরু করেন। অর্থমন্ত্রী তার বক্তব্যের বড় অংশ ডিজিটাল পদ্ধতিতে উপস্থাপন করেন।
লিখিত বাজেট বক্তব্যে দেশের কর্মসংস্থার সৃষ্টির প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের সামনে জনমিতিক লভ্যাংশের সুবর্ণ সুযোগ রয়েছে। এ কারণে শ্রমবাজারে বিপুল কর্মক্ষম জনশক্তির আগমন ঘটছে। কিন্তু একই সময়ে আধুনিক প্রযুক্তির ব্যবহারের ফলে শ্রমিকের চাহিদাও কমে যাচ্ছে।
করোনাভাইরাস সংক্রমণে মানুষের কর্মহীন হওয়ার প্রসঙ্গে তিনি জানান, ‘করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত কারণে দেশব্যাপী সাধারণ ছুটি, কলকারখানা বন্ধ থাকা এবং সর্বোপরি ব্যবসা বাণিজ্য স্থবির থাকায় দেশে বিপুল সংখ্যক মানুষ কর্মহীন হয়ে পড়ে। এডিবি’র সাময়িক হিসাব অনুযায়ী এ সংখ্যা ১৪ লাখে দাঁড়াতে পারে।’
বার্তাবাজার/এমকে