দেশের একমাত্র চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে বাণিজ্য শুরুর সিদ্ধান্ত

করোনাভাইরাসের কারণে দীর্ঘ ৭৫ দিন বন্ধ থাকার পর পঞ্চগড়ের বাংলাবান্ধা চতুর্দেশীয় স্থল বন্দর দিয়ে শর্ত সাপেক্ষে আমদানি-রপ্তানি কার্যক্রম চালুর সিদ্ধান্ত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন সভায় সভাপতিত্ব করেন। সভায় পুলিশ সুপার মোহাম্মদ ইউসুফ আলী, ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক রে.কর্নেল আনিসুর রহমান, জেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার সাদাত সম্রাট, পঞ্চগড় চেম্বারের সভাপতি মো. শরীফ হোসেন, আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি মেহেদী হাসান খান বাবলাসহ কাস্টমস, বন্দর কর্তৃপক্ষ, সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভা শেষে জেলা প্রশাসক স্বাস্থ্যবিধিসহ ১১ দফা মেনে চলার নির্দেশনা দিয়েছেন। এসব নির্দেশনার মধ্যে রয়েছে বিদেশী চালকরা বিশেষ প্রয়োজন ছাড়া কোন অবস্থাতেই গাড়ি থেকে নামতে পারবেন না। প্রয়োজনে পানিসহ শুকনো খাবার ও কাগজ কলম সাথে বহন করবেন। বন্দর কর্তৃপক্ষ পৃথক শৌচাগারের ব্যবস্থা করবেন। কোন অবস্থাতেই বাংলাদেশে অবস্থান করতে পারবেন না। চালকদের জন্য পৃথক প্রবেশ ও বর্হিগমনের ব্যবস্থা করতে হবে। একটি মনিটরিং কমিটি থাকবে এবং বন্দরের কার্যক্রম সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রন করতে হবে।

‘বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের আমদানি-রপ্তানিকারকদের মধ্যে কয়েক দফা বৈঠক ও চিঠি আদান-প্রদানের পর সকল প্রকার স্বাস্থ্যবিধি মেনে চার দেশের মাঝে এই বন্দর দিয়ে বাণিজ্য কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে।

দীর্ঘদিন পর আমদানি-রপ্তানি চালু হওয়া সিদ্ধান্তে আমদানিকারক ও বাংলাবান্ধা স্থল বন্দরের শ্রমিকরা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। দীর্ঘদিন থেকে আমদানি-রপ্তানি বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছিল।

পঞ্চগড় জেলা আমদানি রপ্তানিকারক অ্যাসোসিয়েশন স্বাস্থ্যবিধি মেনে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম চালুর করার আবেদন করেন।
জেলা প্রশাসক সাবিনা ইয়াসমিন জানান, বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরুর সিদ্ধান্ত হয়েছে। তবে সংশ্লিষ্টদের স্বাস্থ্য বিধিসহ ১১ দফা নির্দেশনা মেনে চলতে হবে।

বার্তা বাজার/টি.সি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর