বাগেরহাটের শরণখোলায় জমিজমা সক্রান্ত বিরোধের জের ধরে প্রতিপক্ষ চাচা ও চাচাতো ভাইবোনদের হামলায় একই পরিবারের নারীসহ তিনজন আহত হয়েছে।
বুধবার বিকাল পাঁচটার দিকে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী গ্রামে এ হামলার ঘটনা ঘটে । হামলায় আহত একই পরিবারের মোঃ আমিনুর ফকির (৭০), একমাত্র ছেলে মাসুম ফকির (৪০) ও মেয়ে রেহেনা পারভীন (৪৩) কে স্থানীয়রা উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে।
আহতরা জানান, ঘটনার দিন বিকেলে ২ নং খোন্তাকাটা ইউনিয়নের পশ্চিম বানিয়াখালী গ্রামের মোঃ আমিনুর ফকিরের একমাত্র ছেলে মোঃ মাসুম ফকির তার নিজ বাড়ির সামনের গাছ লাগাবে বলে মাটি তৈরী করেন।। এমন সময় তার ছোট চাচা মোঃ শাহজাহান ফকির (৬০) জমি নিজের দাবী করে গাছ লাগাতে বাঁধা দেয়। এনিয়ে চাচা ভাতিজার মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে পরিকল্পিতভাবে শাহজাহান খান তার স্ত্রী নাজমা বেগম, মেয়ে সুখী আকতার, মিষ্টি আকতার, ওমি আকতার ও বড় ভাই মোঃ মতিয়ার রহমান ফকিরের দুই ছেলে হেলাল ফকির ও উজ্জ্বল ফকির এসে হামলা চালায়। এসময় মাসুম ফকিরের চিৎকারে তার বাবা ও বোন ছুটে এলে তাদেরর মারপিট করে তারা।
মাসুম ফকির জানান, আমি আমার বাবার একমাত্র ছেলে। আমাদের জনবল কম বলে ছোটো চাচা ও বড় চাচার ছেলেরা এক হয়ে আমার বাবার জমি দখলসহ বিভিন্ন সময় আমার উপর হামলা চালিয়ে আসছে। তাদের নির্যাতনে আমি ও আমার পরিবার অতিষ্ঠ । আমরা কিছুতেই তাদের সাথে টিকতে পাছিনা ।
এঘটনায় হামলাকারী শাহজাহান ফকিরের কাছে জানতে চাইলে তিনি ক্ষিপ্ত হয়ে কিছুই বলা যাবেনা বলে সটকে পড়েন ।
শরণখোলা থানার ওসি এসকে আব্দুল্লাহ আল সাইদ বলেন, অভিযোগ পেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে ।
বার্তা বাজার/টি.সি