করোনায় আক্রান্ত হয়ে এনআরবি ব্যাংক ম্যানেজারের মৃত্যু

মরণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেলেন এনআরবি গ্লোবাল ব্যাংকের লোহাগাড়া শাখার ম্যানেজার মেজবাউল হক আরমান (৪৮)।

বুধবার (১০ জুন) দিনগত রাতে রাজধানীর একটি প্রাইভেট হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। পারিবারিক সুত্র ও দিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সুলতান বিষয়টি নিশ্চিত করেছেন।

মেজবাউল হক আরমান কক্সবাজারের রামু উপজেলার চাকমারকুল ইউনিয়নের শাহ আহমদের পাড়া গ্রামের মাস্টার আনোয়ারুল হকের ছেলে। তার স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে। তার বড় ছেলে কক্সবাজার বালক উচ্চ বিদ্যালয় থেকে এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছে।

জানা গেছে, গত রমজান মাসের মাঝামাঝি সময়ে সামান্য জ্বর জ্বর অনুভব করেন আরমান। তখন তেমন কোন ডাক্তারের পরামর্শ না নিয়ে অবহেলা করেন। ঈদের কয়েকদিন আগে থেকে লক্ষণগুলো তীব্র হতে থাকে।

সর্বশেষ রবিবার (০৭ জুন) কক্সবাজার শহরের ইউনিয়ন হাসপাতালে ভর্তি হন। রাত বারোটার দিকে জ্বর ডায়রিয়া শ্বাসকষ্ট তীব্র হলে সোমবার ঢাকার একটি প্রাইভেট হাসপাতালে নেয়া হয়। এর আগে করোনা স্যাম্পল পরীক্ষা করতে দেয়া হয়। তার রেজাল্ট পজিটিভ আসে। করোনার চিকিৎসায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি ছিলেন তিনি। বুধবার দিনগত রাতে ওই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

বার্তাবাজার/এমকে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর