ইবির ইতিহাসে সর্ববৃহৎ বাজেট বরাদ্দ

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কার্যক্রম পরিচালনায় ২০২০-২১ অর্থবছরের জন্য ১৫৭ কোটি ৫৮ লাখ টাকার বরাদ্দ দিয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন। যা গত অর্থবছরের তুলনায় ৪ কোটি ৫ লাখ টাকা বেশি। গত অর্থবছরে (সংশোধিত) বাজেটের পরিমাণ ছিল ১৫৩ কোটি ৫৩ লক্ষ টাকা। ফলে মূল বাজেট ও সংশোধিত বাজেটে ইবির ইতিহাসে বরাদ্দকৃত সর্ববৃহৎ বাজেট এটি।

বর্তমান প্রশাসনের চার বছরের অর্থনৈতিক স্বচ্ছতা ও শৃঙ্খলার কারণে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন চাহিদা মোতাবেক সর্বোচ্চ এ বাজেট প্রদান করেছেন বলে মনে করছেন উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী। তিনি বলেন, এবারের যে বাজেট ও সংশোধিত বাজেট তা অত্যন্ত সন্তোষজনক ও আশাব্যঞ্জক।

এদিকে দুই অর্থবছরের জন্য বিশ্ববিদ্যালয়ের নিজস্ব আয় ধরা হয়েছে ১৮ কোটি টাকা এবং চলতি অর্থবছরে (সংশোধিত) বাজেটে ১১ কোটি ৩৭ লক্ষ টাকা অতিরিক্ত বরাদ্দ পাওয়া গেছে যা এর আগে কখনো পাওয়া যায়নি বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

জানা যায়, বুধবার উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী’র নিকট বাজেট-বই হস্তান্তর করা হয়। কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোঃ সেলিম তোহা এ বাজেট হস্তান্তর করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোঃ শাহিনুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস. এম. আব্দুল লতিফ, প্রক্টর অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মন, হিসাব পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ছিদ্দিক উল্যা প্রমুখ উপস্থিত ছিলেন।

বাজেট সম্পর্কে উপাচার্য অধ্যাপক ড. রাশিদ আসকারী বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের বর্তমান প্রশাসনের দীর্ঘ চার বছরের অর্থনৈতিক শৃঙ্খলা ও স্বচ্ছতা চর্চার ফসল এই সর্ববৃহৎ বাজেট। বাজেটের উল্লেখযোগ্য তিনটি দিক হচ্ছে ২০১২ সাল থেকে এর আগের প্রশাসন ১২৩ জনকে যে বিধিবহির্ভূত নিয়োগ দিয়েছিল সেটার কোনো অনুদান আমরা পাইনি তা এবারের বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে। ইবি ল্যাবঃ স্কুল মূল বাজেটে অন্তর্ভুক্ত হয়েছে এবং দীর্ঘ ৩০ বছর ধরে বাজেট ঘাটতির অন্যতম কারণ পরিবহন। এই বছরেই আমরা তিনটি ডাবল ডেকার কেনার টাকা পেয়েছি, যোগ করেন তিনি।

বার্তা বাজার / ডি.এস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর