জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে মাদারীপুরের শিবচর উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. শামসুদ্দিন খানের (৭৫) মৃত্যু হয়েছে। বুধবার বিকেলে রাজধানীর আয়েশা মেমোরিয়াল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
জানা গেছে, তিনদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শামসুদ্দিন খানকে ঢাকার আনোয়ার খান মডার্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মঙ্গলবার রাতে জ্বর ও শ্বাসকষ্ট বাড়তে থাকলে ভর্তি করা আয়েশা মেমোরিয়াল হাসপাতালে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার বিকেল ৫টার দিকে তার মৃত্যু হয়।
শিবচর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মো. লতিফ মোল্লা জানান, ‘বহুদিন ধরেই শামসুদ্দিন খানের শ্বাসকষ্টের সমস্যা ছিল। মাঝে মাঝেই তিনি ঢাকায় ডাক্তার দেখাতেন। তিনি ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন।
প্রথমে যেখানে ভর্তি হয় সেখানে আইসিইউ সুবিধা না থাকায় ভর্তি করা হয় আয়েশা মেমোরিয়াল হাসপাতালে। সেখানেও আইসিইউ সুবিধা পাননি তিনি।’
শিবচর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আসাদুজ্জামান জানান, ‘উপজেলা চেয়ারম্যান শামসুদ্দিন খানের অ্যাজমার ও শ্বাসকষ্ট ছিল। ঢাকার আয়েশা মেমোরিয়াল হাসপাতালে ভর্তির পরে তার জ্বর ও শ্বাসকষ্ট দুটোই ছিল। তিনি মারা যাওয়ার পরে নমুনা সংগ্রহ করেছে স্বাস্থ্য বিভাগ। রিপোর্ট হাতে পেলে বিষয়টি আরো ক্লিয়ার জানা যাবে।’
বার্তা বাজার / ডি.এস