পঞ্চগড়ের বোদায় এক বিকাশ কর্মীর দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৩ জনে। বুধবার রাতে আক্রান্তের বিষয়টি নিশ্চিত করেন সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান।
জেলা স্বাস্থ্য বিভাগের সূত্রে জানা যায়, আক্রান্তের বাড়ি বোদা উপজেলার কাজলদিঘী কালিয়াগঞ্জ ইউনিয়নের ঠাকুর পাড়া গ্রামে। তার বয়স ২১ বছর। তার প্রথমে করোনার উপসর্গ হিসেবে জ্বর,সর্দি, কাঁশি দেখা দেয়। তবে ৬ দিন পর তার নমুনা পরিক্ষার ফলাফল আসায় বর্তমানে তার কোন করোনার উপসর্গ নেই বলে জানায় আক্রান্ত ব্যাক্তি। দেরীতে নমুনার ফলাফল আসায় নিজেও নাখোস বলে জানিয়েছে। বর্তমানে সে বোদায় বিকাশ কর্মী হিসেবে কর্মরত আছে। দোকানে-দোকানে ব্যালেন্স দেয়াই ছিল তার কাজ।
তবে সে স্থানীয় কারো দ্বারা আক্রান্ত হয়েছেন বলে ধারণা করছেন বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ এসআইএম রাজিউল করিম রাজু।
গত ০৪ জুন তার নমুনা সংগ্রহ করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে পাঠানোর পর ১০ জুন তাদের করোনা পজেটিভ এসেছে। বর্তমানে সে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টাইনে আছে এবং বর্তমানে তার করোনার উপসর্গ না থাকায় সুস্থ আছেন বলে জানা গেছে।
সিভিল সার্জন ডাঃ মোঃ ফজলুর রহমান জানান, এ পর্যন্ত ১৮১৬ জনের নমুনা সংগ্রহ করার পর ১৪১৯ জনের রিপোর্ট এসেছে তার মধ্যে ৯৩ জনের করোনা পজেটিভ এসেছে। জেলার ৯৩ জন আক্রান্তের মধ্যে তেঁতুলিয়ায় ১৩ জন,সদরে ২৭ জন,আটোয়ারীতে ৯ জন,বোদায় ৮ জন এবং দেবীগঞ্জে ৩৬ জন। ইতিমধ্যে তেঁতুলিয়ায় ৪ জন,সদরে ৬ জন,আটোয়ারীতে ১ জন, বোদায় ২ জন এবং দেবীগঞ্জে ৩ জন সহ মোট ১৬ জন করোনা থেকে সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং দুইজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। তাদের মধ্যে বোদা উপজেলার একজন ও দেবীগঞ্জ উপজেলার একজন।
বার্তা বাজার / ডি.এস