নোয়াখালীর মাইজদীতে আগ্নেয়াস্ত্রসহ স্থানীয় লোকজনের হাতে আটক হয়েছে ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের ছেলে ও তার সহযোগী। পরে আটক দুইজনকে ডিবি পুলিশে সোপর্দ করা হয়।
আজ (বুধবার) দুপুরের দিকে তাদেরকে উপজেলার লক্ষ্মীনারায়ণপুর রশিদ ড্রাইভার বাড়ি এলাকা থেকে আটক করা হয়।
আটককৃতরা হচ্ছে- সদর উপজেলার আন্ডারচর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলী হায়দার বকশীর ছেলে ইসমাইল বকশী (২৬) ও একই এলাকার মাইন উদ্দিন (৩০)।
জানা যায়, সক্লা থেকে একটু পর পর তারা মহড়া দিচ্ছিল। বিষয়টি স্থানীয়দের কাছে সন্দেহজনক লাগায় মোটরসাইকেল আরোহি ওই দুই যুবককে আটক করে। পরে তাদের কাছে থাকা একটি হাত ব্যাগ কেড়ে নেয় স্থানীয় লোকজন। ওই হাত ব্যাগ খুলে দেখা যায় ব্যাগে তিনটি দেশীয় তৈরি এলজি। দুইজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশে সোপর্দ করে।
জেলা গোয়েন্দা পুলিশের ওসি মো. কামরুজ্জামান শিকদার জানান, অস্ত্রসহ আটককৃত দুইজনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা দায়ের শেষে তাদেরকে আদালতে সোপর্দ করা হবে।