গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশনে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকালে সাবেক বিজিবি সদস্য মো.আকরাম শরীফের (৫৫) মৃত্যু হয়েছে।
জেলা সিভিল সার্জন ডা.নিয়াজ মোহাম্মদ ও গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডা.অসিত কুমার মল্লিক গণমাধ্যমকে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, গত ২৯ মে করোনায় আক্রান্ত হয়ে তিনি হাসপাতালে ভর্তি হন।
আজ সকালে অতিরিক্ত শ্বাস কষ্ট হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানান দায়িত্বরত চিকিৎসক। নিহত আকরাম শরীফের স্বজনেরা জানান, বাবা ও ছেলে করনায় আক্রান্ত হন গত ২৯ মে, বাবাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে এবং ছেলেকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। হাসপাতালে পর্যাপ্ত চিকিৎসা না পেয়ে আকরাম হোসেনের মৃত্যু হয়েছে বলেও দাবি পরিবারের। নিহত মো.আকরাম শরীফ গোপালগঞ্জ সদর উপজেলার মেরি গোপীনাথপুর গ্রামের আবুল কাশেম শরীফের ছেলে।
এদিকে গোপালগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে এক স্বাস্থ্য কর্মী সহ সর্বমোট (৩) তিন জনের মৃত্যু হয়েছে। করোনার উপাত্ত বিশ্লেষণ করে ইতোমধ্যেই গোপালগঞ্জকে “রেড জোন” জেলা হিসেবে ঘোষণা করা হয়েছে। জেলায় গতকাল পর্যন্ত করোনায় আক্রান্ত নতুন শনাক্ত ১৪ জন সহ মোট ৩০৯ জন। এরমধ্যে সদর উপজেলা-১, টুঙ্গিপাড়া-১, কোটালীপাড়া-১, কাশিয়ানী-৮, মুকসুদপুর-৩ জন। নতুন ৭ জন সহ মোট সুস্থ হয়েছেন ১৩৭ জন। এরমধ্যে টুঙ্গিপাড়া-১, কোটালীপাড়া-১, কাশিয়ানী-৪, মুকসুদপুর-১ জন। বর্তমানে জেলায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১৬৯জন।
বার্তা বাজার/টি.সি