মরণঘাতী করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির মধ্যেই পদ্মা সেতুর জাজিরা প্রান্তের শেষ স্প্যানটি বসলো। জাজিরা থেকে মাঝনদী পর্যন্ত এক সাথে দৃশ্যমান এখন টানা ২৯টি স্প্যান। সব মিলে সেতু দৃশ্যমান ৪ হাজার ৬৫০ মিটার।
বুধবার (১০ জুন) ৩১তম এ স্প্যান বসানোর মধ্য দিয়ে সেতুর মাঝনদীর সাথে সংযোগ ঘটলো জাজিরার। এরপর থেকে বাকি সব স্প্যান বসবে মাওয়া প্রান্তে।
জাজিরা পাড়ে টানা বসানো আছে ১৬টি স্প্যান, মাঝের একটির বিরতির পর মাঝনদীতে আবারও টানা বসানো আছে ১২টি। এবার মাঝেরটি বসানোর পালা।
বুধবার সকাল ৯ টায় মাওয়ার ইয়ার্ড থেকে স্প্যান নিয়ে সাড়ে ৩ কিলোমিটার দূরত্বে রওয়ানা দেয় ক্রেন। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় নদীর তীব্র স্রোত। মূল নদীতে স্রোতের বাধা পেরুনোর পর আবারও ক্রেন আটকে যায় নদীর তলদেশের পলির কারণে। ঘণ্টা দেড়েকের চেষ্টায় আবারও শুরু হয় কাজ। দুপুর ১ টা নাগাদ স্প্যান নিয়ে আসা যায় নির্ধারিত পিলারের কাছে। শুরু হয় বসানোর তৎপরতা।
এ স্প্যানটির ফলে এখন জাজিরার শেষ পিলারটি থেকে শুরু করে মাওয়ার দিকে টানা ২৯টি স্প্যান দৃশ্যমান করা হলো। মাওয়া প্রান্তে বসানো আছে মাত্র দুটি। সেতুর ৪১টির মধ্যে যে ১০টি স্প্যান বাকি আছে, তার সবগুলোই এরপর বসানো হবে মাওয়া প্রান্তে।
বার্তাবাজার/এমকে