জুলাইয়ের শেষে দিল্লিতে আক্রান্ত দাঁড়াবে সাড়ে ৫ লক্ষের বেশি

করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা হু হু করে বাড়ছে দেশে। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৩০ জনের, যা এখনও অবধি দৈনিক মৃত্যুর সংখ্যায় রেকর্ড। নতুন করে আক্রান্ত হয়েছেন ৯,৯৮৭ জন। এই বৃদ্ধির জেরে দেশে মোট আক্রান্তের সংখ্যা হল ২ লক্ষ ৬৬ হাজার ৫৮৯ জন।

তবে, দেশে সক্রিয় কেসের সংখ্যা আর করোনা থেকে সুস্থ হওয়ার সংখ্যা প্রায় সমান। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য বলছে, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত দেশে করোনার সক্রিয় কেস রয়েছে ১ লক্ষ ২৯ হাজার ৯১৭টি। অন্যদিকে, সুস্থ হয়েছেন ১ লক্ষ ২৯ হাজার ২১৫ জন। দেশে করোনায় প্রাণ হারিয়েছেন ৭,৪৬৬ জন।

রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ৩০ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ৮৭৪ জনের। দিল্লিতে এখনও গোষ্ঠী সংক্রমণ শুরু হয়নি, কেন্দ্র এমনটাই দাবি করছে। তবে, রাজধানীতে যেভাবে করোনা প্রকোপ শুরু হয়েছে, তা নিয়ে বেজায় চিন্তায় পড়েছে দিল্লি সরকার।

এদিনই দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ শিশোদিয়া জানিয়েছেন, ৩১ জুলাই অবধি শুধু দিল্লিতেই আক্রান্তের সংখ্যা হবে সাড়ে পাঁচ লক্ষের বেশি৷

অন্যদিকে জুলাইয়ের শেষে রাজধানীতে করোনা চিকিৎসার জন্যে প্রয়োজন পড়বে ৮০ হাজার বেড। উল্লেখযোগ্য বিষয় হল, দিল্লিতে করোনা আক্রান্তদের ৫০ শতাংশের সংক্রমণের উৎসই অজানা। প্রশ্ন উঠছে, তাহলে কি এবার গোষ্ঠী সংক্রমণ শুরু হয়ে গেল রাজধানীতে। কেন্দ্রীয় আধিকারিকরা অবশ্য এখনই গোষ্ঠী সংক্রমণের কথা মানতে রাজি নন। দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেছেন, ‘গোষ্ঠী সংক্রমণ হল করোনা ভাইরাস সংক্রমণের তৃতীয় স্তর, দিল্লিতে যে নতুন কেসগুলি আসছে তার অর্ধেকের সংক্রমণ কীভাবে হচ্ছে তা বোঝা যাচ্ছে না৷’

এদিকে, সংক্রমিতের সংখ্যা বাড়লেও করোনা টেস্টের সংখ্যা কমেছে দিল্লিতে। তথ্য বলছে, সোমবার মাত্র ৩,৭০০ নমুনা পরীক্ষা হয়েছে। যা রবিবারের তুলনায় ১,৩৪২টি কম। বৃহস্পতিবারের মোট পরীক্ষার তুলনায় ২৬৬১টি কম। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের এদিন করোনা পরীক্ষা হয়েছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর