‘আমরা ৩ জনই মরতে চলেছি’

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি বাসা থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। বাড়ির ভেতর থেকে মিলেছে সুইসাইড নোটও।

মঙ্গলবার ঠাকুরপুকুর এলাকার ওই বাড়ি থেকে লাশ উদ্ধারের পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। খবর এনডিটিভি।

নিহতরা হলেন- গোবিন্দ কর্মকার (৮০), তার স্ত্রী রুনু (৭০) ও তাদের ছেলে দেবাশিস (৫০)।

পুলিশ জানিয়েছে, সত্যনারায়ণ পল্লির ওই বাড়ি থেকে ৩ জনের লাশ উদ্ধার করা হয়েছে। বাড়ির ভেতর থেকে মিলেছে সুইসাইড নোটও।
তদন্তে নেমে পুলিশ কর্মকর্তারা দেখতে পান, ঘরের একটি দেয়ালে লেখা রয়েছে- ‘আমরা ৩ জনই মরতে চলেছি’। পাশাপাশি ওই ঘর থেকে মিলেছে একটি বিষের কৌটাও।

তবে ঘটনাটি আত্মহত্যা না খুন, তা খতিয়ে দেখছে পুলিশ।

এক পুলিশ কর্মকর্তা বলেন, প্রাথমিকভাবে এ ঘটনাটিকে আত্মহত্যা বলেই মনে হচ্ছে, তবে আমরা ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় রয়েছি।

স্থানীয়দের বরাতে খবরে বলা হয়, জন্মের পর থেকেই দেবাশিস প্রতিবন্ধী ছিলেন। খুব সম্প্রতি হৃদরোগে আক্রান্ত হন তার মা, তারপর থেকেই তিনি পক্ষাঘাতগ্রস্থ হয়ে পড়েন।

কিছুদিন আগেই পরিবারের কর্তা গোবিন্দ কর্মকার জ্বরে আক্রান্ত হন। তারা সম্প্রতি কোভিড-১৯ টেস্ট করানোর কথাও ভাবছিলেন বলে জানা গেছে।

নানা মানসিক অবসাদের কারণেই পরিবারের সবাই মিলে আত্মহত্যার পথ বেছে নেন বলেই সন্দেহ করছেন প্রতিবেশীরা।

তবে ঘটনাটির বিস্তারিত তদন্ত চলছে বলে জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর