গ্রাহকদের হয়রানি ও দালালদের দৌরাত্মের প্রতিবাদ করায় সিরাজগঞ্জ পৌর আওয়ামী লীগ নেতা শাহীন আহমেদ ভোলাকে পিটিয়েছেন সিরাজগঞ্জে নর্দার্ন ইলেক্ট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) কার্যালয়ের সুপারভাইজার শফিকুজ্জামান নোমান।
এ ঘটনায় ভুক্তভোগীর বড় ভাই জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন ফারুক বাদী হয়ে মঙ্গলবার (৯ জুন) দুপুরে সদর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলায় প্রি-পেইড মিটার ইউনিটে প্রেষণে থাকা সাহায্যাকারী-কাম-সিস্টেম সুপারভাইজার শফিকুজ্জামান নোমান ও তার ভাই মেজবাহসহ স্থানীয় দালালচক্রের ৭ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনার পর থেকে আসামিরা সবাই পলাতক রয়েছেন।
জানা গেছে, সিস্টেম সুপারভাইজার নোমানসহ তার দালালচক্র ঘুষ নিতে প্রায়ই গ্রাহকদের নানা কৌশলে হয়রানি করে আসছিলেন। সোমবার (৮ জুন) দুপুরে স্থানীয় কয়েকজন গ্রাহককে নিয়ে পৌর আওয়ামী লীগ নেতা শাহিন আহম্মেদ ভোলা নির্বাহী প্রকৌশলী বরাবর দালালদের হয়রানি ও দৌরাত্ম্যের প্রতিবাদ জানান। তখন সুপারভাইজার নোমানসহ কয়েকজন অসাধু কর্মচারী ও দালাল এ সময় নির্বাহী প্রকৌশলীর সামনে গ্রাহকের সঙ্গে তর্কে জড়িয়ে পরেন।
এর কিছুক্ষণ পর অফিস থেকে বের হলে অফিসের গেটের সামনে আওয়ামী লীগ নেতা শাহিন আহম্মেদ ভোলাকে ধারালো অস্ত্র ও রড দিয়ে বেধড়ক পিটিয়ে গুরুতর আহত করা হয়। পরে তাকে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
সদর থানার ওসি হাফিজুল ইসলাম জানান, আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা অব্যাহত রয়েছে।
বার্তাবাজার/এসজে